৪৮টি ট্রেনে বাড়ল যাত্রীভাড়া, কারণ জানলে অবাক হবেন
মোট ৪৮টি মেল ও এক্সপ্রেস ট্রেনকে সুপার ফাস্ট ট্রেনের মর্যাদা দেওয়া হয়েছে, এই ট্রেনগুলির গড় গতি ঘন্টায় ৫ কিমি বাড়ানো হয়েছে, সেইসঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে যাত্রীভাড়াও
৪৮টি এক্সপ্রেস ট্রেনে উঠতে গেলে এবার খসাতে হবে বাড়তি গাঁটের কড়ি। কারণ এই এক্সপ্রেস ট্রেনগুলিকে দেওয়া হয়েছে সুপার-ফাস্ট ট্রেনের তকমা। গড় গতি সামান্য বাড়ানো হলেও যাত্রী পরিষেবায় কোনও পরিবর্তন হয়নি। গতি বাড়ানো হলেও এই ট্রেনগুলি কতটা সময়ে চলবে তানিয়েও সন্দেহ থেকেই গিয়েছে।

১লা নভেম্বর থেকেই দেশজুড়ে নতুন টাইম টেবিল জারি করেছে ভারতীয় রেল। নয়া টাইম টেবিলে বেশ কিছু ট্রেনেরই গড় গতি বাড়ানো হয়েছে। মূলত রেলে গতি আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে মোট ৪৮টি মেল ও এক্সপ্রেস ট্রেনকে সুপার ফাস্ট ট্রেনের মর্যাদা দেওয়া হয়েছে। এই ট্রেনগুলির গড় গতি ঘন্টায় ৫ কিমি বাড়ানো হয়েছে। সেইসঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে যাত্রীভাড়াও।

রেলসূত্রে জানা গিয়েছে, যে ট্রেনগুলিকে সুপারফাস্ট করা হয়েছে,তাতে স্লিপার ক্লাসে ৩০ টাকা, দ্বিতীয় ও তৃতীয় এসিতে ৪৫ টাকা ও ফার্স্ট ক্লাসে ৭৫ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। অবশ্য় যাত্রী পরিষবায় কোনও পরিবর্তন আনা হয়নি। তা থাকছে আগের মতই। এদিকে এই ট্রেনগুলিরও গতি গড়ে ঘন্টায় ৫ কিমি বাড়ানো হয়েছে। কিন্তু তাতে আদৌ ট্রেন সময়ে চলবে কিনা তা নিয়ে সন্দিহান রেলেরই একাংশ। কারণ শীত পড়তে শুরু করেছে। আগামী কয়েক মাস ঘন কুয়াশায় ঢাকবে উত্তর ও পূর্ব ভারত। সেসময়ে এমনতিতেই প্রচুর দেরিতে চলে প্রায় সমস্ত ট্রেন। এই পরিস্থিতিতে গতি বাড়িয়ে কতটা লাভ হবে তার সদুত্তর নেই রেলের কাছেও।

এভাবেই রেল অতিরিক্ত ৭০ কোটি টাকা আয় করতে পারবে বলে মনে করা হচ্ছে। আর একসঙ্গে সমস্ত ট্রেনের যাত্রীভাড়া না বাড়ানোয় সাধারণ মানুষের রোষের মুখেও পড়তে হবে না। নতুন করে আরও ৪৮টি ট্রেনকে সুপারফাস্টের মর্যাদা দেওয়ায় রেলে এখন সুপার ফাস্ট ট্রেনের সংখ্যা হয়েছে ১০৭২।












Click it and Unblock the Notifications