Assembly Elections Results 2023: ইন্ডিয়া-র বিশ্বাসযোগ্য মুখ চাইছে নীতীশের দল, কেন বিপর্যয়ের মুখে কংগ্রেস?
Assembly Elections Results 2023: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে একমাত্র তেলেঙ্গানাতেই কংগ্রেসের সরকার গঠিত হচ্ছে। যা লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের কাছে ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ইন্ডিয়ার বৈঠকের আগে জোটসঙ্গী অনেকেই চাপ বাড়াতে শুরু করেছে কংগ্রেসের উপর। জোটের বিশ্বাসযোগ্য মুখ ঠিক করার দাবি তুলল নীতীশ কুমারের জেডি (ইউ)।

বিহারে নীতীশ কুমারের ঘনিষ্ঠ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী ও সিনিয়ির জেডি (ইউ) নেতা অশোক চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই এমন দাবি জানান। সেই মুখ হওয়ার ক্ষেত্রে নীতীশ কুমার যে বড় দাবিদার সেটাও বুঝিয়ে দিয়েছেন দুই সিনিয়র জেডি (ইউ) নেতা। কংগ্রেসকে বিগ ব্রাদার হিসেবে মানলেও তাদের হৃদয় আরও বড় করার সওয়ালও করেছেন তাঁরা।
ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে ইন্ডিয়া জোটের সকলকে নিয়ে প্রচারে নামলে কংগ্রেসের ফল ভালো হতো, বিজেপিকেও হারানো যেত বলেই মনে করছেন বিজয় কুমার চৌধুরী। তাঁরই কথার সুর শোনা গিয়েছে জেডি (ইউ)-এর প্রাক্তন কার্যকরী সভাপতি অশোক চৌধুরীর বক্তব্যে। তিনি একটা সময় বিহারে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ছিলেন।
অশোক চৌধুরীর কথায়, নীতীশ কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে আমন্ত্রণ জানালে কংগ্রেসের ওই তিন রাজ্যেই জেতার সম্ভাবনা বেড়ে যেত। আমাদের সহযোগী সমাজবাদী পার্টি রাজস্থান ও মধ্যপ্রদেশে প্রচুর প্রার্থী দিয়েছিল। জেডি (ইউ)-এর দুই নেতাই একমত, বিধানসভা নির্বাচনে এবার সবচেয়ে বেশি বিপর্যয় হয়েছে কংগ্রেসেরই।
নীতীশ কুমারের জন্যই ইন্ডিয়া জোট কলেবরে বেড়েছে বলে দাবি করা নেতাদের কথায়, নীতীশের পরিকল্পনাই হলো, জোট বেঁধে আগে বিজেপিকে হারাতে হবে। পরে সব কিছু ঠিক করা যাবে। তবে সবার আগে জরুরি ইন্ডিয়া জোটের বিশ্বাসযোগ্য মুখ ঠিক করে ফেলা। জোটবদ্ধ লড়াইয়েই বিজেপিকে হারানো সম্ভব। আঞ্চলিক দলগুলিকে আপন করতে কংগ্রেসের মানসিকতায় বদল চায় জেডি (ইউ)।
বিজেপির প্রধানমন্ত্রী মুখ এবারও নরেন্দ্র মোদীই। কিন্তু বিরোধী দলগুলিকে ঠিক করতে হবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মুখ না ঠিক করা হলে লড়াই যে সহজ নয় তা বিরোধী নেতারা বুঝতে পারছেন। অশোক চৌধুরী সরাসরিই বলে দিয়েছেন, নীতীশই হতে পারেন জোটের বিশ্বস্ত মুখ। তবে অন্য সহযোগী দলগুলির সঙ্গে আলোচনা করে ঐক্যমতে পৌঁছতে হবে। কংগ্রেসকে আমরা বড় ভাই বলেই মনে করি। ছোট ছোট আরও দলকে এই জোটে আনতে হবে।












Click it and Unblock the Notifications