Assembly Elections Results 2023: ভোটের হারের ফারাকে উজ্জীবিত কংগ্রেস, জয়রামের মুখে কোন স্ট্র্যাটেজি?
Assembly Elections Results 2023: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাতে আস্থা রেখেছে শুধু তেলেঙ্গানা। রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস সরকার ধরে রাখতে ব্যর্থ, সরকার গঠন করছে বিজেপি।
তেলেঙ্গানায় যেমন ভোটের হারের ২ শতাংশের ব্যবধানে বিআরএসকে পিছনে ফেলে সরকার গড়ছে কংগ্রেস, তেমনভাবেই রাজস্থানে ভোটের হারের প্রায় একই মার্জিনে কংগ্রেসকে টেক্কা দিয়ে বিজেপি সরকার গঠন নিশ্চিত করে ফেলেছে।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস পেয়েছিল ১০০টি আসন, ভোটের হার ছিল ৩৯.৩০ শতাংশ। বিজেপি পায় ৩৮.৭৭ শতাংশ ভোট, আসন সংখ্যা ছিল ৭৩। এবারের বিধানসভা ভোটে বিজেপি ১১৫টি আসনে জিতেছে। ভোটের হার ৪১.৬৯ শতাংশ, যা গতবারের তুলনায় ৩.৬৭ শতাংশ বেশি।
রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আসন নেমে এসেছে ৬৯-এ। কংগ্রেসের সহযোগী রাষ্ট্রীয় লোক দল পেয়েছে ১টি আসন। কংগ্রেসের আসন কমলেও প্রাপ্ত ভোটের হার ০.২৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৯.৫৩ শতাংশ। ফলে ২ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েই রাজস্থানের শাসনভার কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি।
রাজস্থান, ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে না পারা, মধ্যপ্রদেশে সরকার-বিরোধী হাওয়াকে কাজে লাগাতে না পারার কারণ বিশ্লেষণ শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। তবে লোকসভা ভোটের আগেই গেল গেল রব তুলতেও চাইছেন না অভিজ্ঞ নেতারা। তাঁদেরই অন্যতম দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ হাতিয়ার করেছেন ভোটের হারকেই।
রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, এটা ঠিক যে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে কংগ্রেসের পারফরম্যান্স হতাশাজনক। প্রত্যাশার চেয়ে অনেকটাই খারাপ ফলাফল হয়েছে। তবে ভোটের শতকরা হারের নিরিখে বিজেপির চেয়ে খুব একটা পিছিয়ে নেই কংগ্রেস। তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট। একে ভর করেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তিনি।
রমেশ পরিসংখ্যান তুলে ধরে দেখিয়েছেন, ছত্তিশগড়ে বিজেপি ভোট পেয়েছে ৪৬.৩ শতাংশ, কংগ্রেস পেয়েছে ৪২.২ শতাংশ। মধ্যপ্রদেশে বিজেপি পেয়েছে ৪৮.৬ শতাংশ ভোট, কংগ্রেস পেয়েছে ৪০.৪ শতাংশ ভোট। রাজস্থানে বিজেপি পেয়েছে ৪১.৭ শতাংশ ভোট, কংগ্রেসের আছে ৩৯.৫ শতাংশ ভোট। ২০২৪ সালের লোকসভা নির্বাচন ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে লড়লে জেতার আশাই দেখছেন রমেশ। সে কারণেই তিনি লিখেছেন, জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications