Assembly Elections Results 2023: রাজ্যসভায় ৭ আসন সুরক্ষিত করল বিজেপি, কংগ্রেসের বাড়ছে ২টি
Assembly Elections Results 2023: বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে মধ্যপ্রদেশে সরকার ধরে রেখে রাজস্থান ও ছত্তিশগড় কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি।
কংগ্রেস তেলেঙ্গানায় সরকার গড়ছে। রাজস্থান ও তেলেঙ্গানায় কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ফারাক ২ শতাংশ। নির্বাচনের ফল বেরোতেই হিসেব কষা শুরু হয়ে গিয়েছে রাজ্যসভার আসন নিয়ে।

এপ্রিলে রাজ্যসভার নির্বাচন। বিজেপি তিন রাজ্যের ফলাফলের ভিত্তিতে রাজ্যসভার সাতটি আসন সুরক্ষিত করে ফেলল। কংগ্রেস মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে একটি করে এবং তেলেঙ্গানায় ২টি আসন থেকে রাজ্যসভায় প্রতিনিধি পাঠানোর বিষয়টিও নিশ্চিত করে ফেলেছে। ভারত রাষ্ট্র সমিতির থেকে এই ২ আসন ছিনিয়ে নেবে কংগ্রেস।
রাজস্থান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ পূর্ণ হচ্ছে এপ্রিলে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় গিয়েছিলেন, তাঁরও মেয়াদ ফুরোচ্ছে একই সময়ে। তবে সাতটি আসন সুনিশ্চিত করলেও এখনই রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠ হবে না এনডিএ।
সেজন্য তাদের অপেক্ষা করতে হবে ২০২৬ বা ২০২৮ সালের রাজ্যসভা নির্বাচন পর্যন্ত। অন্যদিকে, তেলেঙ্গানার সাতটি আসনই ছিল বিআরএসের। এবার তেলেঙ্গানা থেকে কংগ্রেস রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে পারবে। মধ্যপ্রদেশে রাজ্যসভার আসন ১১টি। রাজস্থান, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ে এই সংখ্যা যথাক্রমে ১০, ৭ ও ৫।
মধ্যপ্রদেশ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ ৮, তিনজন কংগ্রেসের। রাজস্থানে কংগ্রেসের ৬ ও বিজেপির ৪টি আসন রয়েছে বর্তমানে। ছত্তিশগড়ে কংগ্রেসের ৪ ও বিজেপির ১টি আসন রয়েছে। ২০১৮ থেকে ২০২৩ অবধি রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির সরকার ছিল না। ফলে বর্তমান নির্বাচনের সুফল হিসেবে বিজেপি রাজ্যসভা ভোটের ক্ষেত্রে সবচেয়ে লাভবান হবে ২০২৬ ও ২০২৮ সালে।
জম্মু-কাশ্মীরের চারটি ও মনোনীত ২টি আসন বাদ দিলে রাজ্যসভার ২৩৯টি আসনের মধ্যে বিজেপির ৯৪ জন সাংসদ রয়েছেন। কংগ্রেসের ৩০, তৃণমূল কংগ্রেসের ১৩, আম আদমি পার্টি ও ডিএমকের ১০ জন করে, বিজু জনতা দল ও ওয়াইএসআর কংগ্রেসের ৯ জন করে, বিআরএসের ৭, রাষ্ট্রীয় জনতা দলের ৬ জন এবং জনতা দল (ইউনাইটেড) ও সিপিআইএমের ৫ জন করে সাংসদ আছেন রাজ্যসভায়।












Click it and Unblock the Notifications