Assembly Election Result 2023: রাজস্থান, ছত্তিশগড়, এমপি বিধানসভা জয়ে ২০১৮-র ভুল নয়! ব্র্যান্ড মোদীতেই আস্থা
Assembly Election Result 2023: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আরও মজবুত হল বিজেপির হাত। হিন্দি বলয়ের তিন বড় রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশে নিরঙ্কুশ গরিষ্ঠতা পাওয়ার পাশাপাশি, রাজস্থান ও ছত্তিশগড়েও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
এই তিন রাজ্যে বিজেপির ফলাফলে ফের একবার জ্বলজ্বল করছে ব্র্যান্ড মোদী। তিন রাজ্যেই জোরদার প্রচার চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিন রাজ্যেই নির্বাচনে টিকিট বিলিতেও মুখ্যমন্ত্রী পদে কোন মুখ সামনে রেখে নির্বাচনে লড়াই করেনি বিজেপি। পাশাপাশি এই তিন রাজ্যে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের প্রার্থী করে বিজেপি। তিনি রাজ্যেই মোদীকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি। তার বড় প্রভাবও এই নির্বাচনে দেখা গিয়েছে।

প্রসঙ্গত ২০১৮ সালে বিজেপি মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, ছত্তিশগড়ে রমন সিং এবং রাজস্থানে বসুন্ধরা রাজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে লড়াই করে। তিন রাজ্যেই হারে বিজেপি। পরে অবশ্য মধ্যপ্রদেশে ক্ষমতায় ফেরে গেরুয়া শিবির।
হিন্দি বলয়ের তিন রাজ্যেই বড় সমাবেশ ও রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির নির্বাচনী স্লোগানও ছিল প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে। মোদীকে নিয়ে আলাদা স্লোগানও তৈরি করা হয়েছিল তিন রাজ্যে। যেমন মধ্যপ্রদেশে স্লোগান ছিল এমপি কে মানুষ মে মোদী হ্যায়। রাজস্থানে স্লোগান ছিল মোদী সাথ আপনো রাজস্থান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিন রাজ্যে ১ থেকে ২৭ নভেম্বরের মধ্যে ৪২ টি সমাবেশ এবং চারটি বড় রোড শো করেছেন। এর মধ্যে বিজেপি সব থেকে বেশি জোর দিয়েছিল মধ্যপ্রদেশ ও রাজস্থানে। প্রধানমন্ত্রী মোদী মধ্যপ্রদেশে ১৫ টি জনসভা করেছেন, ইন্দোরে রোড শো করেছেন। রাজস্থানেও ১৫ টি সমাবেশ এবং জয়পুর ও বিকানেরে রোড শো করেছেন। প্রধানমন্ত্রী মোদী ছত্তিশগড়ে চারটি জনসভা করেছেন।
প্রধানমন্ত্রী মোদীর কারণেই এই ফল বলে মনে করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছএন, মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী মোদীজি জনসভা করেছেন, জনগণের কাছে আবেদন করেছেন, যা মানুষের হৃদয় স্পর্শ করেছে।
এই তিন রাজ্যে ব্র্যান্ড মোদীর কথা বলা হলেও, চলতি বছরের শুরুতে কর্নাটক নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী সেখানেও একই ধরনের প্রচার করেছিলেন। কিন্তু ফলাফলে তার প্রভাব দেখা যায়নি। বরং বিজেপির ফল সেখানে আরও খারাপ হয়।
তবে ২০২৪-এর নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় ফেরা বিজেপিকে যে শক্তি যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না। ২০১৯-এর নির্বাচনে এই তিনটি রাজ্যের ৬৫ টি লোকসভা আসনের মধ্যে ৬২ টি আসনে জয় পেয়েছিল বিজেপি।












Click it and Unblock the Notifications