assembly election 2023 : ছত্তিশগড়ে বাঙালি এলাকায় বিজেপির জয়জয়কার, সেখানে কী চমৎকার করেছিলেন শুভেন্দু অধিকারী?
কংগ্রেসকে হারিয়ে ছত্তিশগড়ে ফের ক্ষমতায় এল বিজেপি। রীতিমতো লড়াই হয়েছে কংগ্রেসের সঙ্গে। বিজেপি যে এই ফল করবে, নেতৃত্ব আশা করেননি। আর এই জয়ের সঙ্গে জড়িয়ে গেল শুভেন্দু অধিকারীর নাম। ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে শুভেন্দুকে ফোন করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন একে অপরকে।
ছত্রিশগড় রাজ্যে বিজেপি জিতেছে। তার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কী? এই প্রশ্ন উঠতেই পারে। এই কথা জানতে পৌঁছে যেতে হবে সেই প্রচারের দিনগুলিতে। এই রাজ্যের একটা বড় অংশে বাঙালি ভোটার রয়েছে। ১১ টি বিধানসভা অঞ্চল সেই বাঙালি ভোটারদের আওতায়। সেই ভোটারদের জন্যই বাংলার বিজেপি বিধায়কদের দল পৌঁছে গিয়েছিলেন ছত্রিশগড়ে।

ওই রাজ্যে প্রায় ১০ লক্ষ বাঙালি ভোটার রয়েছে। বাঙালি অধ্যুষিত এলাকায় বিজেপি কোনওভাবেই খাপ খাওয়াতে পারে না। এমনই মনে করে ওয়াকিবহাল মহল। সব থেকে বড় কথা, বাঙালি অধ্যুষিত ভোটারদের আওতায় রাজ্যের ১১ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরেছিল। দেখা যায় ওই ১১ টির সবকটি আসনেই বিজেপি অত্যন্ত খারাপ ভাবে হেরেছে।
২০১৯ সাল থেকে বাংলায় বিজেপি প্রভাব বিস্তার করে। এই মুহূর্তে বাংলায় প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতায় তিনি রীতিমতো সম্মুখ সমরে রয়েছেন। রাজনৈতিকভাবেও বিজেপির মধ্যে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। শুভেন্দু অধিকারীকে প্রচারে নিয়ে যাওয়া হয়েছিল ওই বাঙালি এলাকাগুলিতে।
জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী সহ বাংলার মোট ২৪ জন বিজেপি বিধায়ক ছত্রিশগড়ে প্রচারে গিয়েছিলেন। বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার ও সভা করেছিলেন শুভেন্দুরা। তার ফলাফল এবার হাতেনাতে পাওয়া গিয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী ১১ টির মধ্যে আটটি আসনে বিজেপি জয়লাভ করেছে।
অর্থাৎ কংগ্রেসকে সরিয়ে বাঙালি এলাকায় বিজেপি গেরুয়া আবীর ওড়াতে পারল। তার জন্য শুভেন্দু অধিকারীদের প্রশংসা করছেন ছত্তিশগড়ের বিজেপি নেতৃত্ব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা রমন সিংহ শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলেন। জয়ের জন্য তারা একে অপরকে শুভেচ্ছা জানান।
ওইসব বাঙালি এলাকায় আদিবাসী, মতুয়া,জনজাতি গোষ্ঠীর মানুষজনও বসবাস করেন। সেই কথা ভেবে বিমান ঘোষ, দিবাকর ঘরামি, পবন সিংহ, মতুয়া ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুর, বিধায়ক কবিয়াল অসীম সরকারকে নিয়ে যাওয়া হয়েছিল।
তাতেই কেল্লাফতে। বাংলার বিধায়কদের কথা ওষুধের মতো কাজ করেছে ছত্তিশগড়ে। শুভেন্দু অধিকারী ছত্রিশগড়ের ওইসব বাঙালি ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন তাদের ভোট দেওয়ার জন্য।












Click it and Unblock the Notifications