উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে অসমে বর্বরতার ছবি, মৃত ব্যক্তিকে লাঠি–ঘুসি, ধৃত ফটোগ্রাফার
উচ্ছদ অভিযানকে কেন্দ্র করে অসমে বর্বরতার ছবি
বৃহস্পতিবার বেআইনি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে অসম পুলিশ এক ফটোগ্রাফারকে গ্রেফতার করেছে, যে একজন আহত ব্যক্তির ওপর নির্যাতন করছিল। এদিন দারাং জেলার ধোলপুর–গরুখুঁটি এলাকায় বেআইনি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জনতা–পুলিশ সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

গ্রেফতার ফটোগ্রাফার
ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে এক মৃত ব্যক্তির দেহের ওপরে বর্বর আচরণ করতে দেখা যাচ্ছে। ভিভিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লাঠি নিয়ে পুলিশের দিকে দৌড়ে যাচ্ছে। এরপর ওই ব্যক্তির বুকে গুলি করে পুলিশ। তাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপরেই মৃত ওই ব্যক্তির দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে লাঠি, ঘুসি মারতে দেখা গেল অপর এক ব্যক্তিকে। ধৃত ওই ব্যক্তির নাম বিজয় শঙ্কর বানিয়া, সে পেশায় একজন ফটোগ্রাফার। তাকে অসম সরকার কর্তৃক উচ্ছেদ অভিযান নথিভুক্ত করার জন্য জেলা প্রশাসন তাকে নিয়োগ করেছিল। স্থানীয়রা জানিয়েছে, গত বিধানসভা ভোটের সময়ও সে নির্বাচন কমিশনের হয়ে জেলায় কাজ করেছিল।

পুলিশ–জনতা সংঘর্ষ
বৃহস্পতিবার ধোলপুর গরুখুঁটি এলাকার পরিস্থিতি হিংসাত্মক ঘটনায় পরিণত হয়, যখন সরকারের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উচ্ছেদ করার চেষ্টা করে পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। কিছু প্রতিবাদকারী ইট-পাথর ও তীক্ষ্ণ অস্ত্র দিয়ে পুলিশ ও আধিকারিকদের ওপর হামলা করে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ গুলি চালায় আত্মরক্ষার খাতিরে। যার জেরে ২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। দারাংয়ের এসপি সুশান্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে দুপক্ষের সংঘর্ষের এই ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন।

ভাইরাল ভিডিওতে কি দেখা গিয়েছে
এরই মধ্যে এই ঘটনার একটি বর্বর ভিডিও সামনে আসে এবং তা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, গুলিতে নিহত এক ব্যক্তিকে ওই ফটোগ্রাফার নিগ্রহ করছে। ভিডিওতে দেখা গিয়েছে, গাছের পেছন থেকে শত শত পুলিশ এলোপাথারি গুলি চালিয়ে চলেছে। ভিডিওতে বানিয়াকে এক ব্যক্তির পেছনে দৌড়াতে দেখা যায় যতক্ষণ না নিরাপত্তা রক্ষীরা এসে প্রতিবাদকারীদের ঘিরে ধরে এবং বানিয়াকে সেখান থেকে বার করে দেয়। যদিও ফটোগ্রাফার পুনরায় ফিরে আসে এবং এক নিহত ব্যক্তির বুকের ওপর বসে সামনে থাকা কিছু কুড়িয়ে নিয়ে তাঁকে মারতে শুরু করে। ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ বানিয়াকে সেখান থেকে সরে যেতে বলছে।

অসমে উচ্ছেদ অভিযান
জানা গিয়েছে, অসম সরকার সোমবার দারং জেলার ধোলপুর গরুখুঁটি গ্রামে গত সোমবারও উচ্ছেদ অভিযান চালিয়েছিল স্থানীয় প্রশাসন। এই ঘটনায় প্রায় ৮০০ পরিবার গৃহহীন হয়ে পড়ে। এই এলাকায় যেসব মানুষ বাস করতেন তাদের অধিকাংশই পূর্ববঙ্গ বা বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ।












Click it and Unblock the Notifications