Assam Flood: জলে ভাসছে কাজিরাঙা অভয়ারণ্য,বিপন্ন বন্যপ্রাণ, অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি
অরুণাচল প্রদেশে লাগাতার বর্ষণের জেরে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদীর গ্রাসে চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রায় ৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। এমনকী কাজিরাঙা অভয়ারণ্যে পর্যন্ত বন্যার জল ঢুকে পড়েছে।
প্রতিবছরই বর্ষায় অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের কারণে ব্রহ্মপুত্র নদের জল বাড়তে শুরু করে। তার জেরে অসমের একাধিক এলাকা প্লাবিত হয়। এবারও তাই হয়েছে। অরুণাচল প্রদেশ থেকেই অসমে এসেছে ব্রহ্মপুত্র নদ। অসমে বর্ষণ তেমন না হলেও অরুণাচল প্রদেশে লাগাতার ভারী বর্ষণ চলছে।

ব্রহ্মপুত্র নদের সংলগ্ন এলাকাতেই রয়েছে অসমের সবচেয়ে বড় অভয়ারণ্য কাজিরাঙা। একশৃঙ্গ গণ্ডারের জন্য কাজিরাঙা অভয়ারণ্য বিখ্যাত। ব্রহ্মপুত্রের জল্ জঙ্গলের ২৬ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। বন্য প্রাণিরা প্রাণ বাঁচাতে লোকালয়ে ঢুকে পড়ছে বলে জানা গিয়েছে। বন্যায় বন্য প্রাণীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
অসমে বন্যার জেরে প্রায় ৬ লক্ষ বাসিন্দা গ্রতিগ্রস্ত হয়েছেন। তাঁদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যায় বাড়ছে মৃতের সংখ্যাও। অসমের ১৯টি জেলা বন্যায় ভেসে গিয়েছে। ১২৭৫ গ্রাম ক্ষতিগ্রস্ত। ১১টি জেলায় ৭২টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের বরাক ভ্যালি। করিমগঞ্জ জেলা এবং আপার অসমের তিনসুকিয়া, লখিমপুর, ডিব্রুগড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৪৪ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে।
শুধু ব্রহ্মপুত্র নয় অসমের অন্যান্য নদী যেমন ডিসাং, সুবনসারি, দেখাহো, বুড়িদেহিং, বেকি এবং বরাক নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে বৃষ্টি থামার নাম নেই। উল্টে বর্ষণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তবে শুধু অসমেই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এমন নয় উত্তর পূর্বের একাধিক রাজ্য প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত। পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়কে ধসের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। ভারী বর্ষণে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা। একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকা।












Click it and Unblock the Notifications