গত ১৫ আগস্টে ছিল দেশপ্রেমিক, এবারে সে অভারতীয় - বিচিত্র এনআরসি কাহিনি
গত বছর বুক-জলে দাঁড়িয়ে শিক্ষকের সঙ্গে দুই শিশুর ভারতের জাতীয় পতাকাকে স্যালুট করার একটি ছবি ভাইরাল হয়েছিল। এই ছবিতে উপস্থিত একটি ছেলের নাম ওঠেনি এনআরসি তালিকাতে।
২০১৭ সালের ১৫-ই আগস্ট বন্যা কবলিত আসামে গত বছর বুক-জলে দাঁড়িয়ে শিক্ষকের সঙ্গে দুই শিশুর ভারতের জাতীয় পতাকাকে স্যালুট করার একটি ছবি সারা দেশে প্রশংসিত হয়েছিল। তাদের দেশপ্রেমের কাহিনি উঠে এসেছিল সংবাদ মাধ্যমে। কিন্তু এই বছর সরকারের হিসেব অনুযায়ী সেই ছবির অন্যতম চরিত্র ছোট্ট হায়দার আর ভারতীয়ই নয়।

আসামে এনআরসি-র চুড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে ৪০ লক্ষ ৭০ হাজার ৭০৭ জন মানুষের নাম। এই বিপুল মানুষের মধ্যেই একজন হায়দার আলি। কিভাবে দেখছে সে পুরো ব্যাপারটা? সে জানিয়েছে এনআরসি-র কচকচানি সে বোঝে না। বড়রা যা বলবে, সে তাই করবে।
তালিকায় অবশ্য় নাম রয়েছে ওই ভাইরাল হওয়া ছবি বাকি চরিত্রদের। নাম উঠেছে হায়দারের পরিবারের বাকি সদস্যদেরও। কিন্তু কোনও এক অদ্ভুত কারণে দেশপ্রেমের জন্য প্রশংসা কুড়নো ৯ বছরের হায়দারেরই ভারতীয় পরিচয় পায়নি।
কিন্তু সত্যিই কি হায়দাররা বাংলাদেশী? হায়দারের এক প্রতিবেশী জানিয়েছেন তাঁদের এলাকার মানুষদের অনেকসময়ই বাংলাদেশী তকমা এঁটে দেওয়া হয়, কিন্তু তাঁরা সবাই দেশপ্রেমী ভারতীয়। হায়দারের পরিবারের আশা শেষ পর্যন্ত ভারতীয় নাগরিকের তালিকায় উঠবে হায়দারের নামও। যেরকম আশায় বুক বাঁধছেন আরও ৪০ লক্ষ মানুষ।












Click it and Unblock the Notifications