প্রজাতন্ত্র দিবস ২০২৬ এ বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অশোক চক্র প্রদান
কর্তব্যপথের প্রজাতন্ত্র দিবসের মহামঞ্চে সোমবার নজির গড়লেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পেলেন দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব সম্মান 'অশোক চক্র'। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এই সম্মান শুধু এক সৈনিকের কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং ভারতের মহাকাশ অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
২০২৫ সালে Axiom 4 মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন শুক্লা। উইং কমান্ডার রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রেখে ইতিহাস গড়েন তিনি। কঠিন পরিস্থিতি, জটিল সিদ্ধান্ত ও প্রতিকূল পরিবেশেও তাঁর নির্ভুল নেতৃত্ব, শান্ত মস্তিষ্ক ও কর্তব্যবোধ এই সম্মানের উপযুক্ত বলে বিবেচিত হয়েছে।

মহাকাশে অবস্থানের সময় বহু বৈজ্ঞানিক গবেষণা সম্পন্ন করেন শুক্লা। কৃষিক্ষেত্রেও অনন্য পরীক্ষা চালিয়ে সফলভাবে মেথি ও মুগ ডালের চাষ করেন শূন্য মহাকর্ষে যা ভবিষ্যতের মহাকাশ কৃষি গবেষণার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, তাঁর সাহসিকতা ও অবদান শুধু ভারত নয়, বিশ্ব মহাকাশ গবেষণায়ও এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। তরুণ প্রজন্মের কাছে তাঁর কীর্তি অনুপ্রেরণা হয়ে থাকবে।
এদিকে, ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি ৭০ জন সশস্ত্র বাহিনীর সদস্যকে বীরত্ব সম্মানে ভূষিত করার অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছে এক অশোক চক্র, তিন কীর্তি চক্র, ১৩ শৌর্য চক্রসহ নানা পদক। ছয়টি পদক মরণোত্তর প্রদান করা হবে, যা তাঁদের আত্মত্যাগের মূল্যবোধকে সম্মান জানায়।
এছাড়া কীর্তি চক্র পাচ্ছেন বায়ুসেনার ফাইটার টেস্ট পাইলট গ্রুপ ক্যাপ্টেন প্রসান্ত বালাকৃষ্ণন নাইর। তিনি 'আকাাযান' মিশনের চারজন নির্বাচিত নভোযাত্রীর অন্যতম এবং Axiom 4 মিশনের ব্যাকআপ ক্রু হিসেবেও কাজ করেছেন। ২০১৯ সাল থেকে ইসরোর সঙ্গে যৌথ প্রশিক্ষণে যুক্ত নাইর এ পর্যন্ত ৩,০০০ ঘণ্টারও বেশি উড়ান সম্পন্ন করেছেন।
শুভাংশু শুক্লার সম্মাননা শুধু বায়ুসেনা নয়, গোটা দেশের গর্বের বিষয়। তাঁর দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও পেশাদারিত্ব আগামী দিনের নভোযাত্রীদের পথ দেখাবে বলেই মনে করছেন গবেষক ও প্রতিরক্ষা মহল।












Click it and Unblock the Notifications