Cyclone Dana: ঘূর্ণিঝড়ের মাঝেই বৃদ্ধাকে কাঁধে তুলে আশ্রয়কেন্দ্রে আশাকর্মী, মানবিকতার পুরস্কারে পেলেন বাড়ি
Cyclone Dana Viral Video: ঘূর্ণিঝড় দানায় জীবন বাজি রেখে বৃদ্ধাকে উদ্ধার আশা কর্মীর (Asha Worker)। ভিডিয়ো ভাইরাল হতেই ওড়িশার কেন্দ্রাপাড়ার (Kendrapara) শিবানী মণ্ডলকে কুর্নিশ নেটাগরিকদের। ঝড়ের মাঝেও কর্তব্যে অবিচল থাকার নজির। আশা কর্মীকে পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) পাকা বাড়ি দেওয়ার ঘোষণা সরকারের।
ইতিমধ্যেই ওই আশাকর্মীর পাকা বাড়ি নির্মাণের ওয়ার্ক অর্ডার জারি হয়েছে। এক্স হ্যান্ডেলে কেন্দ্রাপাড়ার জেলাশাসক জানান, "প্রবল ঝড়ের মাঝেও কর্তব্য ভোলেননি কেন্দ্রাপাড়ার রাজনগর ব্লকের আশা দিদি শিবানী মণ্ডল। মানবিকার পরিচয় দিয়েছেন তিনি। তাঁকে আবাস যোজনায় পাকা বাড়ি দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই তাতে অনুমোদন দেওয়া হয়েছে।"

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা যায়, ঝড়ের দাপটের মাঝে এক বৃদ্ধাকে কাঁধে তুলে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিলেন ওই আশাকর্মী। কাদামাটির রাস্তায় হাঁটতে পারছিলেন না ওই বৃদ্ধা। কিন্তু ঝড়ের তাণ্ডবে বাড়িতে থাকাও নিরাপদ নয়।
জীবনের পরোয়া না করেই বৃদ্ধাকে কাঁধে চাপিয়ে সাইক্লোন সেন্টারে (Cyclone Centre) নিয়ে আসেন ওই আশাকর্মী (ASHA Worker)। এক্স হ্যান্ডেলে প্রথম এই ভিডিয়ো শেয়ার করে ওড়িশার প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।
তবে শুধু ওই বৃদ্ধাকেই নয়, প্রবল ঝড়ের মাঝে আরও ৮ জনকে উদ্ধার করেছেন শিবানী। ৬ জন প্রবীণ নাগরিক সহ ২ জন গর্ভবতী মহিলাকেও উদ্ধার করেন তিনি। ফোন করে সরাসরি আশা কর্মীর কাজের প্রশংসা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Odisha CM Mohan Charan Majhi)। ফোন পেয়ে আপ্লুত শিবানীও। জানান, "টাকার জন্যে কাজ করিনা।"
এদিকে দানার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে ওড়িশার উপকূল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে ভদ্রক, ভিতরকণিকা, ধামরা, বালাসোর সহ একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি। বালাসোরে হড়পা বানের জেরে আতঙ্কে প্রায় ২০টি গ্রাম। জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে প্রশাসন। তবে শনিবার থেকে বৃষ্টি কমতে থাকায় ধীরে ধীরে নামছে জল।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ওড়িশার ভিতরকণিকা ও ধামরার মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। ওড়িশা ও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ঘূর্ণিঝড়ের চোখ না থাকায় ও দেরিতে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি।












Click it and Unblock the Notifications