Arvind Kejriwal: পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা, কেজরিওয়ালের গ্রেফতারিতে ফুঁসছেন বিরোধীরা
আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এই প্রথম কোনও পদে থাকা কোনও মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল ইডি। এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেকে গ্রেফতার করলেও গ্রেফতার হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন।
এদিকে কেজরিওয়ালের এই গ্রেফতারিকে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিশানা করেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ ডিএমকে, জেএমএম, এআইডিএমকে নেতারা তীব্র আক্রমণ শানিয়েছেন।

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মোদী সরকারের এই পদক্ষেপেই স্পষ্ট যে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে দেশে। একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে মোদী সরকার। এভাবে কোনও পদে থাকা মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির মধ্যেই স্পষ্ট কী করতে চাইছে মোদী সরকার।
বিরোধী শূন্য করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। সেকারণে বিরোধীদের গ্রেফতারি থেকে শুরু করে তাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ করা নান পন্থা নিয়ে চলেছে। তিনি বলেছেন মোদী সরকারের এই অন্যায়ের জবাব ভারত ঠিক দেবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও তীব্র নিশানা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, বিরোধীদের দমন করতে সব রকম প্রচেষ্টা চালাচ্ছে মোদী সরকার। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও তীব্র আক্রমণ করেছেন মোদী সরকারের।
এদিকে তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ওব্রায়েন কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র বিরোধিতা করেছেন। তিনি মোদী সরকারকে নিশানা করে বলেছেন দেশের গণতন্ত্র বিপন্ন। সকলে মিলে এগিয়ে আসুন দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরমও সোশ্যাল মিিডয়া হ্যান্ডেলে লিখেছেন, দেশের গণতন্ত্র ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভার সাংসদ মহুয়া মাজি বলেছেন, যেখানেই অবিজেপি সরকার রয়েছে সেখানেই এইভাবে আক্রমণ হানা হচ্ছে। নির্বাচনী বিধি চালু হয়ে যাওয়ার পরেও এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি। আগে ঝাড়খণ্ডে ঘটানো হয়েছে এখন দিল্লিতে হচ্ছে। এটা গণতন্ত্র কিছুতেই হতে পারে না।
মেহেবুবা মুফতি কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছে পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালের গ্রেফতারির তিব্র নিন্দা করেছেন। তিনি বিজেপিকে পাল্টা নিশানা করে লিখেছেন এই গ্রেফতারি নতুন যুগের আন্দোলনের সূচনা করে দিল। ইতিমধ্যেই কংগ্রেস নেতারা কেজরিওয়ালের বাড়িতে যেতে শুরু করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications