Delhi Assembly Election 2025: মোদীকে চিঠি কেজরিওয়ালের, কী লিখলেন আপ সুপ্রিমো? দিল্লির ভোটের আগে বড় খবর
Delhi Assembly Election 2025: দোরগোড়ায় দিল্লির বিধানসভা ভোট। তার আগে জাঠদের (Jat Community) মন জয়ে বড় পদক্ষেপ অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। জাঠ সম্প্রদায়ভুক্ত মানুষদের কেন্দ্রীয় ওবিসি সংরক্ষণের (OBC reservation) তালিকায় আনার দাবিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি।
দিল্লির ভোটে জাঠ ভোটারদের সংখ্যা নেহাতই কম নয়। হরিয়ানার মতোই দিল্লির ভোটে অন্যতম ফ্যাক্টর হতে চলেছে জাঠ ভোট। আর তাকেই হাতিয়ার করে এবার জাঠদের দীর্ঘদিনের দাবি পূরণে সরাসরি মোদীকে চিঠি কেজরিওয়ালের।

জাঠদের ওবিসি অন্তর্ভুক্ত করে সুবিচার দিতে কেন্দ্রের কাছে দাবি তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার গত এক দশক ধরে জাঠদের সঙ্গে বঞ্চনা করে এসেছে বলেও অভিযোগ করেন কেজরিওয়াল।
মোদীকে দেওয়া চিঠিতে কেজরিওয়াল লেখেন, ওবিসি তালিকায় সংরক্ষণের নাম করে গত ১০ বছর ধরে দিল্লির জাঠ সম্প্রদায়ভুক্ত মানুষদের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্রীয় সরকার। ২০১৫ তে নরেন্দ্র মোদী নিজে জাঠ নেতাদের বাসভবনে ডেকে কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন।
কেজরির অভিযোগ, এরপর ফের ২০১৯ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনও তার কোনও বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ আপের জাতীয় কনভেনর কেজরিওয়ালের।
তাঁর আরও দাবি, দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাজস্থানের জাঠ সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ রয়েছে। অথচ সেখানে দিল্লির জাঠ পড়ুয়াদের জন্য সংরক্ষণ রাখা হয়নি। যার জেরে দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে দিল্লির জাঠ পড়ুয়াদের ভর্তিতে অসুবিধা দেখা দেয়।
ভোটের আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহ কথা দিয়ে ভোট পেরোলে তা ভুলে যান বলে অভিযোগ করেন কেজরি। তাঁর আরও দাবি, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকেও দিল্লির জাঠরা (Delhi Jat Community) বঞ্চিত।
প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট হতে চলেছে। এক দফাতেই হবে ভোটগ্রহণ। ভোটের ফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। গত মঙ্গলবার থেকেই দিল্লিতে আদর্শ আচরণ বিধি লাগু করা হয়েছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৫ বছরের মেয়াদ ফুরোতে চলেছে। কমিশনের দাবি, গতবারের মতো এবারেও দিল্লিতে উৎসবের মেজাজে ভোট হবে। দিল্লির মানুষ 'দিল সে' ভোট দেবে বলে আশা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের।












Click it and Unblock the Notifications