ইউনিফর্ম সিভিল কোড নিয়ে গুজরাত সরকারের ভুয়ো প্রতিশ্রুতি, সমালোচনা কেজরিওয়ালের
কেজরিওয়াল বিজেপির সমালোচনা করে বলেন, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে,
চলতি বছরের ডিসেম্বরে গুজরাতে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত গুজরাত নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তবে প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। এরই মধ্যে গুজরাত সরকার ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ান বিধি আনতে চলেছে। গুজরাত সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে আপ। অরবিন্দ কেজরিওয়াল বলেন, ইউনিফর্ম সিভিল কোড আনার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে গুজরাত সরকার।

কী বললেন অরবিন্দ কেজরিওয়াল
গুজরাতের এক জনসভায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, উত্তরাখণ্ডে নির্বাচনের আগে বিজেপি ইউনিফর্ম সিভিস কোড আনার প্রতিশ্রুতি দিয়েছিল। উত্তরাখণ্ডে একটি কমিটি গঠনও হয়েছি। ভোটের পর ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য বাড়ি বাড়িও রাজ্য সরকার প্রতিনিধিদের পাঠিয়েছিল। তারপর প্রতিশ্রুতি প্রতিশ্রুতির মতো রয়ে গেছে। গুজরাত সরকার ইতিমধ্যে কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা রাজ্যের বাসিন্দাদের বাড়ি বাড়ি যাবে। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন হবে না। গুজরাত নির্বাচের আগে বিজেপির একটা চাল বলে কেজরিওয়াল মনে করছেন।

ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়িত করা উচিত
ভাবনগড়ে এক সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করা উচিত। এগুলো রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হয়। ভারতের সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে বলা রয়েছে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়িত করা দরকার। তবে তার আগে ধর্মীয় নেতা, প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে হবে। সর্বসম্মতিক্রমে এই ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়িত করতে হবে। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল বলেন, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে তো বিজেপি ক্ষমতায় রয়েছে। কিন্তু সেখানে ইউনিফর্ম সিভিল কোড কেন বাস্তবায়ন করা হচ্ছে না? তিনি প্রশ্ন তোলেন, সারা দেশে কেন ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়িত করা হচ্ছে না? বিজেপি কি লোকসভা নির্বাচনের জন্য অপেক্ষা করছে?

গুজরাত সরকারের ঘোষণা
গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেন, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড কার্যকরের একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই উফনিফর্ম সিভিল কোড বাস্তবায়িত করতে তিনি একটি কমিটি গঠন করেছেন। খুব দ্রুত তা বাস্তবায়িত করা হবে। গুজরাতে জোর কদমে প্রচার শুরু হয়েছে। একদিকে, অরবিন্দ কেজরিওয়াল রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখেই গুজরাতের বিজেপি সরকার ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

কী ইউনিফর্ম সিভিল কোড
ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে ভারতে নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব, যা সকল নাগরিকের ক্ষেত্রে তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য হবে। বর্তমানে দেশে বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন রয়েছে। যা বেশিরভাগটা সংশ্লিষ্ট ধর্মের ধর্মীয় অনুশাসন মেনে তৈরি হয়েছে। বিজেপি ইউনিফর্ম সিভিল কোড দেশজুড়ে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। তবে তা এখনও বাস্তবায়িত করার কোনও পরিকল্পনা কেন্দ্রের তরফে গ্রহণ করা হয়নি।












Click it and Unblock the Notifications