Jharkhand Political Crisis: হেমন্ত সোরেন গ্রেফতার হতেই ট্রেন্ডিং কেজরিওয়াল! কেন জানেন
Jharkhand Political Crisis: জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হেমন্ত সোরেন। দীর্ঘদিন ধরে এই সংক্রান্ত মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই মামলায় বুধবার সন্ধ্যায় গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। যদিও গ্রেফতারির আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। আর এরপরেই অ্যারেস্ট মেমোতে সই করানো হয় হেমন্ত সোরেনকে।
তাঁর গ্রেফতারির পরেই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব বিরোধীরা। একই সঙ্গে আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে বিরোধী শিবিরে। হেমন্ত সোরেনের পর এবার কে? শুরু হয়েছে জল্পনা।

আর এই জল্পনার মধ্যেই টুইটারে (বর্তমান- x) ট্রেন্ডিং কেজরিওয়াল। দিল্লির আবগারি মামলায় আজ ফের তাঁকে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে পঞ্চমবার দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর, ২১ ডিসেম্বর, ৩ জানুয়ারি এবং ১৩ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা জানিয়ে কেজরিওয়ালকে নোটিশ দেওয়া হয়। কিন্তু এরপরেও হাজিরা দেননি তিনি। এমনকি শুক্রবার ইডির মুখোমুখি হবেন কি না সে বিষয়েও কিছু জানা যায়নি।
তবে এবার আবগারি মামলায় কেজরিওয়াল তদন্তের মুখোমুখি না হলে বড় পদক্ষেপ ইডি নিতে পারে বলে জোর জল্পনা। এমনকি গ্রেফতারি পরোয়ানার জন্য আদালতের দ্বারস্থ ইডি হতে পারে বলেও জল্পনা। হেমন্ত সোরেনের গ্রেফতারির পর থেকে সে জল্পনা আরও তীব্র হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় রীতিমত কেজরিওয়ালের নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এমনকি অনেকেই গ্রেফতারের আশঙ্কা করে রীতিমত পোস্টও করছেন। তবে এই বিষয়ে কেজরিওয়ালের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।
অন্যদিকে ইডির নজরে রয়েছে লালুপ্রসাদ এবং তাঁর পরিবারও। 'ল্যান্ড ফর জব' মামলায় গত কয়েকদিন আগেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে জেরা করেছে ইডি। দীর্ঘ ৯ ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়েছে। এমনকি জেরা করা হয়েছে ছেলে তথা প্রাক্তন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও।
লালুর বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। চাকরির বদলে জমি নেওয়ার অভিযোগ রয়েছে। আর তা পরিবারের অন্যান্য সদস্যদের নামে করা হয়েছে বলেও অভিযোগ। এমনকি একটি সংস্থাও খোলা হয়। আর তা খোলেন লালুপ্রসাদ যাদব। সেই সংস্থার নামেও একাধিক জমি থাকার অভিযোগ রয়েছে। লোকসভা ভোটের আগে চাপ বাড়তে পারে তাঁরও।












Click it and Unblock the Notifications