কাশ্মীরে বাতিল ৩৭০ ধারা! সংসদে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিতে আর্জি জানাল কেন্দ্র সরকার।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিতে আর্জি জানাল কেন্দ্র সরকার। গত কয়েকদিন ধরে যা চলছে কাশ্মীরে তা সারা দেশের সংবাদ শিরোনামে চলে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার চূড়ান্ত সতর্ক হয়ে রয়েছেন। ইতিমধ্যে কাশ্মীরে কয়েক হাজার সেনা পাঠানো হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে জঙ্গি হামলা, সবকিছুর আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নিতে সংসদে আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গৃহবন্দি অনেকেই
গত কয়েকদিনে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা, পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি ও পিপলস কনফারেন্স নেতা সজাদ গনিকে গৃহবন্দি করা হয়েছে।

তুলে দেওয়া হচ্ছে ৩৭০ ধারা
এই অবস্থায় কাশ্মীর নিয়ে কেন্দ্র কোনও বড় সিদ্ধান্ত নিতে পারে তা আগেই আঁচ করা গিয়েছিল। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই এদিন সংসদে ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন অমিত শাহ।

কী এই ধারা
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বলবৎ থাকায় এদেশের সংসদ কর্তৃক প্রণীত অনেক আইনই কাশ্মীরে কার্যকর হয় না। প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ এবং নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া বাকি সব ক্ষেত্রে রাজ্যের সংবিধান মোতাবেক ক্ষমতা বলবৎ হয়। জম্মু ও কাশ্মীর হল ভারতের একমাত্র রাজ্য, যার নিজস্ব সংবিধান রয়েছে। ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার, সম্পত্তির অধিকার ইত্যাদি সেখানে খাটে না। ৩৭০ ধারা এবার খারিজ হয়ে গেলে দেশের অন্য রাজ্যের মতোই ভারতীয় সংবিধানের পরিপূর্ণ আওতায় চলে আসবে কাশ্মীর।












Click it and Unblock the Notifications