রাহুল গান্ধীকে ইডির তলবের বিরোধিতায় বিক্ষোভ, দিল্লি থেকে আটক কংগ্রেসের ৮০০ নেতা কর্মী
রাহুল গান্ধীকে ইডির তলবের বিরোধিতায় বিক্ষোভ, দিল্লি থেকে আটক কংগ্রেসের ৮০০ নেতা কর্মী
সোমবার থেকে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। সোমবার থেকেই রাহুল গান্ধীর সমর্থনে কংগ্রেসের নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। আইন অমান্য ও অনুমতি না নিয়ে বিক্ষোভ করার জন্য সোমবার থেকে দিল্লি পুলিশ কংগ্রেসের প্রায় ৮০০ জন নেতা কর্মীকে আটক করেছে। বুধবারও কংগ্রেস পার্টি অফিস ও ইডির দফতরের বাইরে বিক্ষোভ দেখানোর জন্য পুলিশ কংগ্রেসের নেতা কর্মীদের আটক করেছে বলে জানা গিয়েছে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার সাগর প্রীত হুডা এই প্রসঙ্গে জানিয়েছেন, বিক্ষোভকারীদের কোনও অনুমতি ছিল না।

সাংবাদিকদের সোমবার সাগর প্রীত হুডা জানিয়েছেন, সোমবার থেকে কংগ্রেসের প্রায় ৮০০ জন নেতা ও কর্মীকে দিল্লি পুলিশ আটক করেছে। আনুমতি না নিয়েই বিক্ষোভ দেখানোর অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। অনুমতি না নিয়ে বিক্ষোভ দেখালে আটক হতে পারেন, এই বিষয়ে আগেই কংগ্রেসের নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছিল।
কিন্তু তারপরেও কংগ্রেসের নেতা ও কর্মীরা বিক্ষোভ দেখান বলে তিনি জানিয়েছেন। জানা গিয়েছে, সোমবার দিল্লি পুলিশ কংগ্রেসের ৪৫৯ জন নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ২১৭ জনকে আটক করা হয়েছে। বুধবার কংগ্রেসের সদর দফতরে ঢুকে দলের নেতা ও কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি বুধবার ইডির দফতরের বাইরে রাহুল গান্ধীর সমর্থনে বিক্ষোভ দেখানোর অভিযোগে দিল্লি পুলিশ কংগ্রেসের কয়েকজন কর্মীকে আটক করেছে বলে জানা গিয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ২৪ মে থেকে ওই নির্দিষ্ট এলাকায় সিআরপিসির ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার জেরে সেখানে কোনও মিটিং, মিছিল, বিক্ষোভ বা জনসভা নিষিদ্ধ। তারপরেও সেই নির্দিষ্ট অঞ্চলে বিক্ষোভ দেখানোর অভিযোগে কংগ্রেসের নেতা ও কর্মীদের পুলিশ আটক করেছে। অন্যদিকে, বুধবারও ইডির দফতরে হাজিরা দিতে হয় রাহুল গান্ধীকে।
সকাল সাড়ে ১১টা নাগাদ সেন্ট্রাল দিল্লির এপিজে আবদুল কামাল রোডে ইডির দফতরে রাহুল গান্ধী হজির হন। জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তার বলয়ে তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার সঙ্গে ইডি দফতরে হাজির হন। বেলা ১২টা থেকে ইডি-র আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
অন্যদিকে, কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, দিল্লি পুলিশ দলের সদর দফতরে প্রবেশ করে নেতা ও কর্মীদের আটক করেছে। সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। এই বিষয়ে কংগ্রেস নেতা কার্তি পি চিদাম্বরম একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, কংগ্রেসের সর দফতরে ভিতর পুলিশ কর্মীদের আটকের চেষ্টা করছে। যদিও দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।












Click it and Unblock the Notifications