কিডনি কেলেঙ্কারিতে অভিযুক্ত অ্যাপোলো হাসপাতাল! অবস্থান জানিয়ে কী বলছে কর্তৃপক্ষ
যুক্তরাজ্যের একটি দৈনিকে অ্যাপোলো হাসপাতালে বিরুদ্ধে কিডনি কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল হাসপাতাল মিয়ানমারের গরিব লোকেদের থেকে সে দেশের ধনীদের জন্য কিডনির ব্যবস্থা করছে। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যাপোলো হাসপাতালের তরফে ইন্দ্রপ্রস্ত মেডিক্যাল কর্পোরেশন লিমিটেড এই খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে বর্ণনা করেছে।
অ্যাপোলো হাসপাতাল ইন্দ্রপ্রস্ত মেডিক্যাল কর্পোরেশন লিমিটেডের অংশ এবং ভারতের অন্যতম বড় হাসপাতাল গ্রুপ। লন্ডন ভিত্তিক দ্য টেলিগ্রাফ পত্রিকা অভিযোগ করে, মিয়ানমারের যুবক ও গ্রামবাসীদের, তাদের অঙ্গ বিক্রি করতে প্রলুব্ধ করা হচ্ছে। সেখানে আরও অভিযোগ করা হয়, সেইসব লোকেদের দিল্লি উড়িয়ে আনা হচ্ছে এবং ধনী বার্মিজ রোগীদের কিডনি দান করতে অর্থ দেওয়া হচ্ছে।

এই অভিযোগের প্রেক্ষিতে ইন্দ্রপ্রস্ত মেডিক্যাল কর্পোরেশন লিমিটেডের তরফে বলা হয়েছে, সাম্প্রতিক তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়ায় যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। এইসব তথ্য ওই সংবাদ মাধ্যমের সঙ্গে বিস্তারিত শেয়ার করার কথাও জানানো হয়েছে বিবৃতিতে।
ইন্দ্রপ্রস্ত মেডিক্যাল কর্পোরেশন লিমিটেডের মুখপাত্র বলেছেন, ট্রান্সপ্লান্টের জন্য প্রতিটি আইনি ও নৈতিক প্রয়োজনীয়তা মেনে চলা হয়। এর মধ্যে রয়েছে সরকারি নির্দেশিকা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অভ্যন্তরীণ প্রক্রিয়া। সব ধরনের সম্মতি নিয়েই প্রতিটি ট্রান্সপ্লান্টের কাজ করা হয় বলে জানিয়েছে ইন্দ্রপ্রস্ত মেডিক্যাল কর্পোরেশন লিমিটেড।
ওই মুখপাত্র আরও বলেছেন, প্রত্যেক দাতাকে তাদের দেশের উপযুক্ত মন্ত্রক দ্বারা নোটারিকৃত ফর্ম ২১ পূরণ করতে হয়। এর সঙ্গে প্রাপকও সম্পর্কিত। তিনি আরও বলেছেন, সরকার নিযুক্ত ট্রান্সপ্লান্ট অনুমোদন কমিটি এই শংসাপত্রের প্রতিটি নথি পর্যালোচনা করে। এছাড়াও তারা দাতা ও প্রাপকের সাক্ষাৎকার নিয়ে থাকে। সংশ্লিষ্ট দেশের দূতাবাসের থেকে নথিপত্র নিয়ে তা যাচাই করা হয়।
ইন্দ্রপ্রস্ত মেডিক্যাল কর্পোরেশন লিমিটেড মুখপাত্র বলেছেন, তারা নৈতিকতার সর্বোচ্চ মানের প্রতি এবং সর্বোত্তম স্বাস্থ্য পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ করা যেতে পারে ভারতে মানব অঙ্গ প্রতিস্থাপন আইনের অধীনে স্বামী-স্ত্রী, ভাইবোন, বাবা-মা, নাতি-নাতনির মতো নিকট আত্মীয়রা অঙ্গ দান করতে পারেন।












Click it and Unblock the Notifications