এনডিএ ছাড়ার হুমকি আরও এক শরিকের! উত্তরপ্রদেশে চাপ বাড়ল বিজেপির
ফের একবার বছর ঘুরতেই এনডিএ ছাড়ার হুমকি দিল আপনা দল।
জোটে থাকা নিয়ে বেশ কয়েকমাস ধরেই দরাদরি চলছিল। এনডিএ জোটের শরিক আপনা দলের বিজেপির সঙ্গে বেশ কিছু ইস্যুতে অনৈক্য শোনা গিয়েছে। যার ফলে গতবছরের শেষেই আপনা দল এনডিএ জোট থেকে বেরিয়ে আসতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছিল। এই দল থেকে সাংসদ নির্বাচনে জিতে কেন্দ্রে মন্ত্রী হয়েছেন অনুপ্রিয়া প্যাটেল। উত্তরপ্রদেশের প্রেক্ষাপটে এনডিএ-র গুরুত্বপূর্ণ শরিক এই আপনা দল।

তবে ফের একবার বছর ঘুরতেই এনডিএ ছাড়ার হুমকি দিল আপনা দল। বিজেপি তাঁদের কথা শুনছে না। এটাই প্রধান অভিযোগ আপনা দলের।
২০১৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে আপনা দল ২টি আসন জেতে। মির্জাপুর ও প্রতাপগড়। পরে দলে ভাঙন দেখা দিলেও অনুপ্রিয়ার অংশ বিজেপির সঙ্গেই ছিল। তবে এখন ফের সমস্যা দেখা দিচ্ছে।
অনুপ্রিয়া বলেছেন, বিজেপির সঙ্গে কিছু মতানৈক্য ছিল। ২০ ফেব্রুয়ারি অবধি সময় দেওয়া হয়েছিল। তবে তাঁরা কোনও উত্তর দেয়নি। ফলে মনে হচ্ছে বিজেপি তাদের সঙ্গীদের কথা শুনতে চাইছে না। ফলে আপনা দল স্বাধীনভাবে নিজেরা সিদ্ধান্ত নিতেই পারে। দলের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বিজেপি ওম প্রকাশ রাজভড়ের এস-বিএসপি দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। যা দেখেই আপনা দল বিশেষত ক্ষুব্ধ হয়েছে।
১৯৯৫ সালে আপনা দল তৈরি করেন সোনেলাল প্যাটেল। তাঁর সঙ্গ দিয়েছিলেন আরও কয়েকজন পিছিয়ে পড়া শ্রেণির নেতা। পূর্ব উত্তরপ্রদেশে এদের দাপট রয়েছে। ২০১২ সালে প্রথমবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে আসন জেতে আপনা দল।












Click it and Unblock the Notifications