নেপাল ও বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে চাইছেন রাহুল, ভোট চুরির অভিযোগ উড়িয়ে পাল্টা দিলেন অনুরাগ
রাহুল গান্ধী 'ভোট চুরি'-র অভিযোগ তুলে যেভাবে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেছেন তার পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। রাহুল এ দেশে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন বলে খোঁচা দিয়েছেন তিনি।
অনুরাগ এদিন রাহুলকে নিশানা করে বলেন, উনি গণতন্ত্রকে দুর্বল করার এবং নাগরিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

অনুরাগের কথায়, "ভারতের নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। অথচ রাহুল গান্ধী গণতন্ত্রকে দুর্বল করতে, নাগরিকদের বিভ্রান্ত করতে এবং বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি তৈরি করতে ব্যস্ত।"
অনুরাগ ঠাকুর আরও অভিযোগ করেন যে, রাহুল গান্ধীর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার অভিযোগ ভারতীয় গণতন্ত্রের প্রতি কংগ্রেসের আস্থাহীনতাকেই তুলে ধরে। অনুরাগ বলেন, "কংগ্রেস অভিযোগের রাজনীতিকে তাদের ভূষণ বানিয়েছে। যখন নির্বাচন কমিশন তাদের নিজেদের করা অভিযোগ যাচাই করতে বলে, তখন তারা পিঠটান দেয়। হলফনামা দাখিল করতে বললে পিছিয়ে আসে। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে।"
কংগ্রেসের তরফে গতকালই জানানো হয়েছিল আজ সকালে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে বোমা ফাটাবেন! আজ রাহুল ভোট চুরির অভিযোগকে আরও দৃঢ়ভাবে মেলে ধরার চেষ্টা করেন এবং সরাসরি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ভোট চোরদের' রক্ষা করার অভিযোগ তোলেন। ভোটার জালিয়াতির অভিযোগের সমর্থনে গান্ধী দুটি কেন্দ্রের নাম উল্লেখ করেন – কর্ণাটকের আলান্দ বিধানসভা এবং মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা।
রাহুল গান্ধী স্বয়ংক্রিয় সফ্টওয়্যার ব্যবহার করে ভোটার তালিকা পরিবর্তনের অভিযোগ করেন। তিনি দাবি করেন যে ২০২৩ সালে কর্ণাটকের আলান্দ বিধানসভায় ৬,০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। অন্য একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, মহারাষ্ট্রের রাজুরা বিধানসভায় অনলাইন প্রক্রিয়ায় ৬,৮৫০টি ভুয়া এন্ট্রি যোগ করা হয়েছে।
আলান্দ বিধানসভার অভিযোগের বিষয়ে অনুরাগ ঠাকুর বলেন, ২০২৩ সালের নির্বাচনে ওই আসনে কংগ্রেস প্রার্থীই জয়ী হয়েছিলেন। অনুরাগ বলেন, "নির্বাচন কমিশন ইতিমধ্যে মোবাইল নম্বর এবং আইপি ঠিকানা সরবরাহ করেছে। এত কিছুর পর কংগ্রেস শাসিত কর্ণাটকের সিআইডি কী করেছে? রেকর্ড অনুযায়ী, আলান্দ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীই জয়ী হয়েছিলেন। তাহলে কি কংগ্রেস ভোট চুরি করে জিতেছে?" রাহুল গান্ধীর নতুন অভিযোগের প্রতিক্রিয়ায়, নির্বাচন কমিশন এই দাবিগুলোকে "ভুল এবং ভিত্তিহীন" বলে অভিহিত করেছে। কমিশন জোর দিয়ে বলেছে যে, অনলাইনে ভোট মুছে ফেলা সম্ভব নয়।












Click it and Unblock the Notifications