'দিল্লিতে আসাই ভুল হয়েছে তোর', মেয়েকে দেখে কান্নায় ভাসলেন অনুব্রত মণ্ডল
মেয়েকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডল। জেল কর্তৃপক্ষের অনুমতি পেয়েই দ্বিতীয়বার সুকন্যা তাঁর বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। তিহাড় জেলের মহিলা সেলে রয়েছেন সুকন্যা। জেলের পরিবেশ যে ভাল নয় সেকথা জানেন অনুব্রত।
মেয়েকে এই অবস্থার মধ্যে দেখতে তাঁর একটুও ভাল লাগছে না তা আগেই বলেছিলেন কেষ্ট। এই নিয়ে আদালতে ইডিকে তীব্র আক্রমণও করেছিলেন তিনি। ইডিকে রীতিমত ভর্ৎসনা করেই অনুূব্রত মণ্ডল বলেছিলেন, মেয়েকে গ্রেফতার করে কোনও বাহাদুরির কাজ করেননি ইডির অফিসাররা।

জেলে যাওয়ার সময় সুকন্যা তাঁর বাবার সঙ্গে দেখা করার জন্য অনুমতি চেয়েছিলেন। আদালতে তিনি অনুরোধ জানিয়েছিলেন প্রতিদিন যেন ১০ মিনিট করে তাঁকে দেখা করতে দেওয়া হয় অনুব্রত মণ্ডলের সঙ্গে। তাতে আদালত আপত্তি জানায়নি। জেল কর্তৃপক্ষ অনুমতি দিলে আপত্তি নেই বলে জানিয়েছিল। আপত্তি জানায়নি ইডিও।

তারপরেই জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই দ্বিতীয়বার বাবার সঙ্গে দেখা করার সুযোগ পান সুকন্যা। তিহাড় জেল কর্তৃপক্ষই বাবা-মেয়ের দেখা করার সুযোগ তৈরি করে দিয়েছিল। আধঘণ্টা মত মেয়ে সুকন্যার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন তিনি। মেয়েকে দেখেই তিনি কান্নায় ভেঙে পড়েন। সুকন্যাও কেঁদে ফেলেন।
কাঁদতে কাঁদতেই তিনি মেয়েকে আস্বস্ত করে বলেন, সব ঠিক হয়ে যাবে। তারপরে তিনি বলেন দিল্লিতে আসাই ভুল হয়েছিল সুকন্যা মণ্ডলের। সুকন্যা বলেছিলেন বারবার ইডি নোটিস পাঠাচ্ছিল তাই বাধ্য হয়েই তিনি দিল্লিতে এসেছিলেন। ইডি যে তাঁকে গ্রেফতার করবে তা তিনি বুঝতে পারেননি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বাবার কাছে ক্ষোভ উগরে দিয়েছেন সুকন্যা মণ্ডল।
প্রসঙ্গত উল্লেখ্য তদন্তে অসহযোগিতার অভিযোগ করে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি। সুকন্যা মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছিলেন তাঁরা। বারবার সুকন্যাকে জেরা করেও সেই সম্পত্তির তথ্য তাঁরা জানতে পারেননি। সুকন্যা বারবারই বলেছেন সবটা তার বাবা জানে।
এদিনে জেলে সুকন্যা মণ্ডলের আইনজীবীর উপস্থিতিতেই কথা হয় অনুব্রত মণ্ডলের সঙ্গে। সুকন্যার আইনজীবীকে অনুব্রত মণ্ডল দ্রুত মেয়ের মুক্তির ব্যবস্থা করার কথা বলেছেন। যাতে মেয়ে দ্রুত তিহাড় জেল থেকে ছাড়া পায় তার ব্যবস্থা করতে বলেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য অনুব্রত মণ্ডল মেেয় সুকন্যা মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তাতে রাজি হয়নি আদালত।












Click it and Unblock the Notifications