ভারত সরকারই মেহুল চোকসিকে 'ক্লিনচিট' দিয়েছে, নাগরিকত্ব ইস্যুতে সাফ জবাব অ্যান্টিগার
পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে দেশছাড়া মেহুল চোকসিকে নাগরিকত্ব দিয়েছে অ্যান্টিগা সরকার। এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করল সরকার।
পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে দেশছাড়া মেহুল চোকসিকে নাগরিকত্ব দিয়েছে অ্যান্টিগা সরকার। আর সেই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে সেদেশের সরকার জানিয়ে দিল, ভারত সরকারের ও সেবির ছাড়পত্র পাওয়ার পরই মেহুল চোকসিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

২০১৭ সালের মে মাসে মেহুল চোকসির নাগরিকত্বের আবেদন জমা পড়েছিল। তাতে পুলিশের ছাড়পত্র ছিল। তার ভিত্তিতেই ২০১৩ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা সিটিজেনশিপ নিয়ম মোতাবেক নাগরিকত্ব দেওয়া হয়েছে।
মুম্বইয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের শাখা থেকে সেই ছাড়পত্র ইস্যু করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই সেইসময়ে জানানো হয়েছিল।
অ্যান্টিগা সরকার তারপরে ২০১৭ সালে চোকসিকে নাগরিকত্ব দেয়। এই বছরের শুরুতে পিএনবি কাণ্ড ফাঁস হওয়ার আগে চোকসি অ্যান্টিগার নাগরিকত্ব পেয়ে যান। জানুয়ারির শেষে পিএনবি পুলিশে অভিযোগ জানালে একে একে রহস্যের পর্দাফাঁস হয়।
অ্যান্টিগার সঙ্গে ভারতের এই মুহূর্তে বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। আর সেই সুযোগেই এত ছোট দেশের নাগরিকত্ব নিয়ে গ্রেফতারি এড়িয়েছেন চোকসি। ফলে এখন অ্যান্টিগা সরকার এই নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। আগামিদিনে পরিস্থিতি কোনদিকে গড়ায় সেটাই দেখার।












Click it and Unblock the Notifications