মথুরার পার্কে বেআইনি দখলদারি মুক্ত করতে গিয়ে সংঘর্ষে মৃত পুলিশ সুপার সহ ২৪
মথুরা, ৩ জুন : মথুরার জওহর বাগ পার্কের ২৬০ একর জায়গা বেআইনি দখলদারি মুক্ত করতে গিয়ে জনতা পুলিশ সংঘর্ষে প্রাণ হারালেন মোট ২৪ জন। এর মধ্যে পুলিশ সুপার মুকুল দ্বিবেদী সহ এক পুলিশ কর্মীও রয়েছেন। আহত হয়েছেন মোট ৪০ জন মানুষ। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। এছাড়া নিহত পুলিশকর্মীদের পরিবারকে ২০ লক্ষ টাকা অর্থসাহায্য দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দিল্লি থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত মথুরার এই পার্কটি দুই বছর ধরে বেআইনি দখল হয়ে ছিল। এর আগে আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশ অবৈধ দখলদারদের সরাতে ব্যর্থ হয়। নানা অবাস্তব দাবি তৈরি করে এলাকাটি দখল করে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ উঠেছে দখলদারদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার একটি পুলিশের দল পার্ক পরিদর্শনে যায়। তখন দখলদারেরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশগুলি চালাতে বাধ্য হয়। এই ঘটনায় দুদলের সংঘর্ষে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে পুলিশ সুপার সহ এক পুলিশকর্মী রয়েছেন।
জেলাশাসক রাজেশ কুমার জানিয়েছেন, অবৈধ দখলদারেরা পুলিশ দেখেই গ্রেনেড ছোঁড়ে ও স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গাছের উপরে উঠে গুলি ছুঁড়তে থাকে। এর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মোট ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা এলাকার ওপর নজর রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications