হোমওয়ার্ক না করায় কেজি ক্লাসের ছাত্রীর হাত ভাঙল শিক্ষক
আপার কেজির ছাত্রী হোমওয়ার্ক না করে আসায় মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা যে কান্ড করেছেন তাতে ছোটদের স্কুলে পাঠানোর আগে আতঙ্কিত হবেন বাবা মায়েরা। আপার কেজির ছাত্রী হোমওয়ার্ক না করে আসায় মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে।

বিশাখাপত্তনমের ভাদ্দাদির বুচাইয়াপেটের বেসরকারি ন্যাশনাল ট্যালেন্ট স্কুলে এই ঘটনা ঘটেছে। পূজা পল্লবী নামে এক ছাত্রীকে হোমওয়ার্ক না করার সাজা হিসাবে মারতে দিয়ে হাত ভেঙে দিয়েছেন স্কুলের শিক্ষিকা।
ক্লাসের পরে শিশুটি হাতে প্রচন্ড ব্যথা হচ্ছে বলে জানালে বাবা-মাকে ডেকে পাঠানো হয়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে এক্স-রে রিপোর্টে দেখা গিয়েছে, মেয়েটির হাত ভেঙে গিয়েছে।
ঘটনার পরে স্কুলে গিয়ে প্রতিবাদ করেন ছাত্রীর বাবা-মা সহ প্রতিবেশীরা। তাতে যোগ দেন অন্য অভিভাবকেরাও। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়। পরে পুলিশ তদন্তে নামে। এবং স্কুলের তরফে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।












Click it and Unblock the Notifications