অন্ধ্রপ্রদেশ : যৌন হেনস্থা শিক্ষকের, লজ্জায় আত্মহত্যা ছাত্রীর!
হায়দ্রাবাদ, ৩০ অক্টোবর : স্কুলের শিক্ষকের হাতে যৌন হেনস্থা হতে হয়েছিল, আর তারই জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করল ১৪ বছরের নাবালিকা এক ছাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুরনুর জেলায়। বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তার।
ছাত্রীটি বনগনপল্লির একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বনগনপল্লি থানার তরফে জানানো হয়েছে, "২১ অক্টোবর গায়ে আগুন দেয় ছাত্রীটি। প্রাথমিকভাবে তাকে সরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। নাবালিকার বাবা তার স্কুলের আবদুল্লা নামে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তাঁর অভিযোগ আবদুল্লা তাঁর মেয়েকে যৌন হেনস্থা করে। আর তারই জেরে এই পদক্ষেপ নেয় মেয়েটি।"
পুলিশ জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই মেয়েটির উপর যৌন হেনস্থা চালায় বলে অভিযোগ। আর তারই জেরে স্কুল থেকে আবদুল্লাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়।
ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় আবদুল্লার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আটকও করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications