চিনা আস্ফালনেই কি বাড়ছে পাকিস্তানের আস্পর্ধা! কাশ্মীরে ফের পাক গোলাবর্ষণ, শহিদ জওয়ান
পুঞ্চে আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের৷ গতকাল পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা। ঘটনায় শহিদ হন এক ভারতীয় জওয়ান৷ পুঞ্চের মেন্ধর মহকুমার বালাকোট সেক্টরের ঘটনা। জানা গিয়েছে শহিদ জওয়ানের নাম সিপাহী রোহিন কুমার। তিনি হিমাচলপ্রদেশের বাসিন্দা ছিলেন।

ভারতের পক্ষ থেকে যোগ্য জবাব
এই বিষয়ে সেনার লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনান্দ বলেন, 'পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালায়। নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা। আমাদের সেনা এই হামলার যোগ্য জবাব দিয়েছে। তবে দুর্ভাগ্যবশত এ হামলায় শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান।'

গত কয়েকদিনে লাগাতার পাক গোলাবর্ষণ
এর আগে ২৭ জুলাইও পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান সেনা। আজ সকাল সাড়ে দশটা নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে মর্টার শেল ছোড়ে তারা। ভারতীয় জওয়ানরাও যোগ্য জবাব দেয়। এদিকে কাশ্মীরে জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে পরপর অস্ত্র উদ্ধার করছে সেনা।

পুঞ্চের উপর পাক নজর
এর আগে ২৩ জুলাই পুঞ্চ জেলার কাসবা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। ১৭ জুলাইও পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। ফলে, এক পরিবারের তিন সদস্য নিহত হন। এছাড়া ১৪ জুলাই রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলির লড়াই চলে। অপর একটি ঘটনায় খারি কারমারা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় চলে গোলা বর্ষণ। যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গ্রামগুলিতে গোলা বর্ষণ করার জন্য স্থানীয়রা পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

কাশ্মীরে বেড়েছে জঙ্গি তৎপরতা
এদিকে ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। এই আবহে বেশ কিছু দিন ধরেই সেনা অভিযান চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে উদ্যোগ নিয়েছে সেনা। এদিকে পাকিস্তানও এই আবহে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতে পর পর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। লাদাখের সুযোগে পাকিস্তান তাদের মদতপুষ্ট জঙ্গিদের ভারতে ঢুকিয়ে নাশকতার ছক কষছে। আর পাকিস্তানের সেই অভিসন্ধিতে মদত দিচ্ছে চিন।

জঙ্গি আস্তানা থেকে চিনা অস্ত্র উদ্ধার
গত রবিবারই এক অভিযানে জঙ্গি আস্তানার খোঁজ মেলে সেনার। সেখান থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। সেই এলাকায় তল্লাশিও চালানো হয়। এর আগে গতসপ্তাহের বৃহস্পতিবারও জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরার হদিস পায় সেনা। সেখান থেকে উদ্ধার হল চাইনিজ পিস্তল, পিকা গান, ১৬৮টি পিকা রাউন্ডস, একে ৪৭-এর গুলি, দু'টি ইউবিজিএল গ্রেনেড সহ একাধিক আগ্নেয়াস্ত্র।

নেপথ্যে রয়েছে চিনা মদত!
গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে।












Click it and Unblock the Notifications