এখনও নিখোঁজ বায়ুসেনা বিমান AN 32 : নিজে বিমান নিয়ে তল্লাশি প্রতিরক্ষামন্ত্রী পার্রিকরের
চেন্নাই, ২৩ জুলাই : ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমান AN 32-র। শুক্রবার চেন্নাই থেকে পোর্টব্লেয়ার যাওয়ার পথে সকাল সাড়ে ৮টায় উড়ান দিয়েই মিনিট ১৫ পর ২৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায় বিমানটি। যার খোঁজ এখনও পাওয়া যায়নি। [২৯ যাত্রী নিয়ে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান AN 32]
শুক্রবার বিকেল থেকেই এই ঘটনা নিয়ে তৎপরতা দেখান প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। এরপর এদিন সকালে তিনি নিজে চেন্নাইয়ের তাম্বারামে উড়ে গিয়ে পরিস্থিতি তদারকি করেন। জানা গিয়েছে, যে পথে বায়ুসেনার বিমানটি নিখোঁজ হয়েছে, সেই যাত্রাপথটি বিমান সফর করে বিষয়টি নিজে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

জানা গিয়েছে, নিখোঁজ বিমানটিকে খুঁজতে শুক্রবার থেকেই তল্লাশি অভিযানে নেমেছে বায়ুসেনা ও নৌবাহিনীর বিশাল বাহিনী। বেশ কয়েকটি বিমান নিয়ে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া নৌপথেও সমানে অভিযান চালানো হচ্ছে।
বিমানটিতে ২ জন পাইলট, একজন ফ্লাইট লেফটেন্যান্ট, একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ও দুজন টেকনিশিয়ান ছিলেন। এছাড়া যাত্রী হিসাবে ছিলেন বায়ুসেনা ও সেনার জওয়ান ও অন্যান্য আধিকারিকেরা।
বিমানটি নিখোঁজের পর জানা গিয়েছে, এক মাসের মধ্যেই তিনবার সামান্য ত্রুটি ধরা পড়ে। রক্ষণাবেক্ষণেরও যথেষ্ট অভাব ছিল বিমানটির। তারপরও কেন এই বিমানে সেনা জওয়ান ও আধিকারিকদের পাঠিয়ে ঝুঁকি নেওয়া হল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications