আমূলের এক টুইটেই কর্নাটকে রাজনৈতিক ঝড়! ভোটের মুখে কংগ্রেস-জেডিএস-এর নিশানায় বিজেপি
চারদিন আগে আমূলের একটি টুইট। যা নিয়ে ভোট মুখী কর্নাটকে কার্যত রাজনৈতিক ঝড় শুরু হয়ে গিয়েছে। বিরোধী কংগ্রেস ও জেডিএস-এর নিশানায় বিজেপি। গোব্যাক আমূল, সেভ নন্দিনী হ্যাশট্যাগ দিয়ে প্রচারও শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আমূলের টুইটে বলা হয়েছিল, গুজরাত ভিত্তিক আমূল বেঙ্গালুরুতে অনলাইন ডেলিভারি শুরু করবে। আমূলের এই ঘোষণায় বিপাকে পড়ে রাজ্যের ডেয়ারি ব্র্যান্ড নন্দিনীর সঙ্গে যুক্তরা। কর্নাটক মিল্ক ফেডারেশনের অধীনে থাকা নন্দিনী গুজরাতের আমূলের সঙ্গে মিশে যাচ্ছে কিনা তা নিয়ে দল্পনা তৈরি হয়।

ভোটে সামনে বিরোধী কংগ্রেস ও জেডিএস সুযোগ হাতছাড়া করতে রাজি নয়। তারাও এই ইস্যুতে শাসক বিজেপিকে আক্রমণ করে। রাজ্যের নিজের ব্র্যান্ডকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। এমন কী তারা এও দাবি করে, অমিত শাহ গণভোট করে দেখুন কর্নাটকের মানুষ আমূলকে রাজ্যে ঢুকতে দিতে রাজি কিনা।
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলের নেতা সিদ্দারামাইয়া-সহ বেশ কিছু রাজনীতিক কর্নাটক মিল্ক ফেডারেশনের দুধ নন্দিনীর সমর্থন করে বলেছেন, সমস্ত রাজ্যবাসীর উচিত আমূলের পণ্য না কেনা। তিনি বলেছেন, কর্নাটক মিল্ক ফেডারেশন দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দিয়ে ভাষাদ্রোহিতার অভিযোগ তুলেছেন। পাশাপাশি তাঁর অভিযোগ কর্নাটক মিল্ক ফেডারেশন বন্ধ করে দিয়ে তারা লক্ষাধিক মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। প্রসঙ্গত লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্নাটক মিল্ক ফেডারেশনের সঙ্গে যুক্ত।
কংগ্রেসের তরফে এব্যাপারে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করা হয়েছে। তাদের অভিযোগ আমূলকে পিছনের দরজা দিয়ে রাজ্যে আনার চেষ্টা করছে। কারণ এই দুই সংস্থাকে সংযুক্ত করার প্রচেষ্টা সফল হয়নি। জেডিএস নেতা এইচডি কুমারস্বামী এক জাতি, এক আমূল মন্তব্য করে মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন।

এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমূলের বিপক্ষে এবং নন্দিনীর পক্ষে প্রচার শুরু হয়েছে। যেখানে #GoBackAmul এবং #SaveNandini হ্যাশট্যাগগুলি ইতিমধ্যেই প্রচুর মানুষ শেয়ার করেছেন।
কর্নাটকের একটি হোটেল সংস্থাও শুধুমাত্র নন্দিনী দুঘ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ব্রুহাট বেঙ্গালুরু হোটেলস অ্যাসোসিয়েশন হোম ব্র্যান্ডের পক্ষে।
ভোটের মুখে বিষয়টি নিয়ে চাপে রাজ্য বিজেপির। মুখ্যমন্ত্রী বাসজরাজ বোম্বাই বলেছেন, আমূল নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়। তিনি দাবি করেন, নন্দিনী দেশের একনম্বর ব্র্যান্ড হয়ে উঠবে। তিনি আরও বলেছিলেন নন্দিনী ব্র্যান্ডকে যাতে অন্য রাজ্যে জনপ্রিয় করা যায়, তার জন্য পদক্ষেপ নেবে সরকার।












Click it and Unblock the Notifications