Jharkhand Assembly Election 2024: মহিলাদের মাসে ২১০০ টাকা, ৫০০ টাকায় LPG; ঝাড়খণ্ডে ইস্তাহারে বড় চমক বিজেপির

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের আগে ইস্তাহার প্রকাশ বিজেপির। রবিবার রাঁচিতে দলের ইস্তাহার (Manifesto) প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নারী ও আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির (BJP)। ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে ২১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির।

মাসিক ভাতার পাশাপাশি ৫০০ টাকায় প্রত্যেক পরিবারকে রান্নার গ্যাস (LPG Cooking Gas) দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির। সঙ্গে বছরে ২টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ারও আশ্বাস। ক্ষমতায় এলে আগামী ৫ বছরে ৫ লক্ষ স্বনির্ভর কর্মসংস্থান (Employment) গড়ে তোলারও আশ্বাস বিজেপির। ঝাড়খণ্ডের ভোটে বেকারত্ব ইস্যুকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির।

jharkhand

অনুপ্রবেশ ইস্যুতেও বারবার সরব হয়েছে বিজেপি। রাজ্য সরকারের মদতে আদিবাসী ঘাঁটিতে বাংলাদেশি অনুপ্রবেশ (Bangladeshi Infiltrators) হয়েছে বলে অভিযোগ বিজেপির। বেদখল জমি ইস্তাহারে আদিবাসীদের ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। এমনকী, অনুপ্রবেশকারীদের কেউ আদিবাসীকে বিয়ে করলে সে আদিবাসীর তকমা পাবে না বলেও সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইস্তাহারে বড় ঘোষণা বিজেপির। ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) আওতায় আদিবাসীদের (Tribals) আনা হবে না বলেও জানিয়ে দিলেন অমিত শাহ। সাম্প্রতিক নিট ও নেট জালিয়াতি নিয়েও জোরকদমে তদন্তের আশ্বাস দিয়েছেন শাহ।

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগের (Govt Jobs Calender) বার্ষিক ক্যালেন্ডারও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে ইস্তাহারে। অমিত শাহ জানান, "বিজেপি এলে স্বচ্ছতার সঙ্গে রাজ্যের ২ লক্ষ ৮৭ হাজার ৫০০টি সরকারি পদে নিয়োগ করা হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে দেড় লক্ষ পদে নিয়োগ সম্পূর্ণ হবে।"

এদিন ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান থেকে ঝাড়খণ্ডের ক্ষমতাসীন জেএমএম সরকারকেও (JMM Government) একহাত নিলেন অমিত শাহ। তিনি বলেন, "হেমন্ত সোরেনের সরকারের আমলে ঝাড়খণ্ডের আদিবাসীরা নিরাপদ নন। সাঁওতাল পরগনার জনবিন্যাস দ্রুত পাল্টে যাচ্ছে। এখনই না আটকালে রাজ্যের সংস্কৃতিই পাল্টে যাবে। তাই বিজেপির স্লোগান একটাই, রুটি-বেটি-মাটি।"

ভোটব্যাঙ্কের স্বার্থে ঝাড়খণ্ডের সরকার তোষণের সীমা ছাড়িয়েছে বলেও কটাক্ষ করেন অমিত শাহ। ঝাড়খণ্ড থেকে হিন্দুদের উৎখাত করার ডাক দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, ১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ঝাড়খণ্ড বিধানসভায় ভোট রয়েছে। ২৩ নভেম্বর হবে ভোটগণনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+