নিষ্ফলা বৈঠক, কৃষকদের সঙ্গে বসেও জট কাটাতে পারলেন না শাহ
কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে এদিন মঙ্গলবার বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কেন্দ্রের সঙ্গে ষষ্ঠ দফার বৈঠকে বসার কথা ছিল কৃষক প্রতিনিধিদের। তার আগে জটিলতা কাটাতে চেয়েছিলেন শাহ। তবে তা কাটল না। বৈঠকের পর এক কৃষক নেতা জানিয়েছেন, সরকার বুধবার নয়া প্রস্তাব নিয়ে আসবে। ফলে বুধবারের নির্ধারিত বৈঠক হচ্ছে না।

বলা হয়েছে, বুধবার সরকার-কৃষক পক্ষের কোনও দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না। বুধবার নয়া প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাব নিয়ে কৃষকেরা আলোচনা করবেন। সরকার কৃষক আইন ফেরাতে ইচ্ছুক নয় বলেও এদিন সারা ভারত কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছন।
এদিন অমিত শাহের সঙ্গে ১৩ জন কৃষক নেতা দেখা করেন। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। প্রথমে বৈঠক অমিত শাহের বাসভবনে হওয়ার কথা থাকলেও পরে তা সরিয়ে পুসা এগ্রিকালচারাল ইনস্টিটিউট ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।
এদিন ভারত বনধে সারা দেশে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। অনেক জায়গায় দোকান-বাজার খোলেনি, রেল-রাস্তা আটকানো হয়েছে। কিছু জায়গায় হিংসা হয়েছে। এই বনধকে দেশের প্রায় সিংহভাগ রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে।
গত ২৬ নভেম্বর থেকে রাজধানী দিল্লি ও তার আশেপাশে সীমান্ত এলাকায় কৃষকেরা বিক্ষোভে শামিল হয়েছে। নারী-পুরুষ-কিশোর নির্বিশেষে বহু মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। যা নিয়ে সারা দেশে আলোচনা অব্যাহত।












Click it and Unblock the Notifications