রাম মন্দির নিয়ে আলোচনা করতেই কি মোহন ভগবত সকাশে অমিত শাহ! উঠছে প্রশ্ন
আরএসএসের অনুষ্ঠানে গিয়ে সংগঠনের প্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
আরএসএসের অনুষ্ঠানে গিয়ে সংগঠনের প্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মহারাষ্ট্রে আরএসএসের তিনদিনের অখিল ভারতীয় কার্যকরী মন্ডলের বৈঠক হচ্ছে। এদিন তার শেষদিন। তার মাঝেই সংঘ প্রধানের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন বিজেপি সভাপতি।

কেন হঠাৎ করে বিজেপি সভাপতি শাহ সংঘ প্রধানের সঙ্গে আলোচনায় বসলেন তা নিয়ে বিশেষ কিছু জানা না গেলেও জল্পনা অব্যাহত। মনে করা হচ্ছে, একাধিক বিষয়ে দুজনের আলোচনা হয়ে থাকতে পারে। তার মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যেমন রয়েছে তেমনই রয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গও। এছাড়া আগামী লোকসভা নির্বাচন নিয়েও দুজনের কথা হয়ে থাকতে পারে।
ঘটনা হল, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সংঘ প্রথম থেকেই ফ্রন্টফুটে রয়েছে। সেই ধারায় আশ্রয় নেওয়া বিজেপি রাজনৈতিক দল হয়ে খোলাখুলি সুপ্রিম কোর্টের মতে বিরুদ্ধে যেতে না পারলেও দলের বিভিন্ন নেতানেত্রীরা ইতিমধ্যেই সুপ্রিমকোর্টের অযোধ্যা রায়ের বিরুদ্ধে ঘুরিয়ে বক্তব্য রাখতে শুরু করেছেন।
বিজেপির ভাবনাও রাম মন্দিরের স্বপক্ষেই। তবে এখুনি তা নিযে কিছু বলে আদালতের কোপে পড়তে রাজি নন বিজেপির শীর্ষ নেতারা। আরএসএস এই অনুষ্ঠানেও রাম মন্দির তৈরির জন্য আইন আনার দাবি করেছে। যত তাড়াতাড়ি সম্ভব রাম মন্দির যাতে তৈরি করা যায় তার চেষ্টা যাতে সরকার করতে পারে, সেটা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এই অবস্থায় অমিত শাহ রামমন্দির ইস্যুতেই পরামর্শ নিতে মোহন ভগবতের কাছে গিয়েছিলেন বলে জল্পনা চলছে। বিজেপি সরকারিভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।












Click it and Unblock the Notifications