লাদাখ সংঘাতের আবহেই উত্তরাখণ্ডের বুকে ঘোড়া ছুটিয়ে প্রবেশ করেছিল চিনের সেনা! নয়া রিপোর্ট ঘিরে জল্পনা
লাদাখ সংঘাতের আবহেই উত্তরাখণ্ডের বুকে ঘোড়া ছুটিয়ে প্রবেশ করে চিনের সেনা! নয়া রিপোর্ট ঘিরে জল্পনা
লাদাখ সংঘাতের সময় থেকেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে, চিন যদি দুই পা পিছিয়ে আসে, তাহলে তারা চার পা এগিয়েও যেতে পারে। এই সতর্কবাণী ভারতীয় সেনা বহু কাল ধরেই পালন করে এসেছে বিশেষত চিনের ক্ষেত্রে। তাই লাদাখে লালফৌজের সঙ্গে সংঘাতে তাদের মোক্ষম জবাব দিয়ে ভারত সন্তর্পণে বাকি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, তাদে কাছে সূত্রের এমন খবর রয়েছে যে, লাদাখ পরিস্থিতি থিতিয়ে যেতেই উত্তরাখণ্ডের বুকে ঘোড়ায় সওয়ার হয়ে প্রবেশ করে চিনের সেনা।

চাঞ্চল্যকর রিপোর্টে কী জানা যাচ্ছে?
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ১০০জন ফৌজ নিয়ে ঘোড়া ছুটিয়ে পর্বতে ঘেরা উত্তরাখণ্ডের বুকে হানা দেয় চিনের সেনা। সেই ঘটনাকাল ২০২১ সালের ৩০ অগাস্ট। সংবাদমাধ্যমের' সূত্র ' এমনই তথ্য দিয়েছে। জানা গিয়েছে লালফৌজের দল উত্তরাখণ্ডের বুকে পৌঁছে ৩ ঘণ্টা ধরে ছিল। তবে সেখানে কোনও সংঘাত ঘটেনি। প্রশ্ন উঠছে, তিন ঘণ্টা ধরে যদি উত্তরাখণ্ডর বুকে চিনের সেনা উপস্থিত থাকে, তাহলে ভারতের সেনা কোন পদক্ষেপ নিয়েছিল তখন?

ভারতীয় সেনার পদক্ষেপ
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উত্তরখণ্ডের একটি ফুটব্রিজ ভেঙে দেয় চিনের সেনা। এদিকে, সেই খবর ভারতের সেনার কাছে যেতেই জওয়ানরা তেড়ে যান বলেও খবর। এরপরই ঘোড়া ছুটিয়ে পালায় লালফৌজ। উল্লেখ্য, লাদাখে ১৭ মাস ধরে চলেছে সংঘাতের আবহ। গত ২০২০ সালের শীতকালে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়। সেই সময় থেকে কার্যত পিছু হটতে থাকে চিনের সেনা। কারণ তারা যুদ্ধপারদর্শিতায় শীতকালে কার্যত পটু নয়। আর সেই জায়গা থেকেই সমস্যার শুরু।

নজর কড়া
এদিকে, এই রিপোর্টের ভিত্তিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সেনার তরফে কিছু এখনও জানানো হয়নি। তবে, গোটা এলাকা জুড়ে নজরদারি ক্রমেই বাড়াচ্ছে সেনা। দুই তরফেই স্থলপথে নজরদারি, ও ড্রোনের ওপর নজরদারি বজায় রাখা হচ্ছে বলে খবর।

৫৫ টি ঘোড়া ও ১০০ সেনা জওয়ান
কার্যত দুর্গম উত্তরাখণ্ডের পার্বত্য পথ বেয়ে চিনের সেনা ভারতের জমিতে কীভাবে প্রবেশ করল , তা নিয়ে রয়েছে বহু ধরনের জল্পনা। এই পথে ৫৫ টি ঘোড়া নিয়ে তুন লা পাসের এলাকা দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। মোট ১০০ জন জওয়ান সেখানে ছিল বলে খবর। সকলেই ঘোড়ায় অনুপ্রবেশ করে নাকি, কেউ পদাতিক ছিল, তা স্পষ্ট জানা যায়নি।উত্তরাখণ্ডের বারাহোতিতে এই ঘটনা গত ৩০ অগাস্ট ঘটেছে। উল্লেখ্য, লাদাখে কার্যত পর পর ফরোয়ার্ড পজিশনে ভারতের কাছে কৌশলগত ধাক্কা খেয়েছে চিন। সেই জায়গা থেকে বারবার ভারতের পূর্বের প্রান্তকে টার্গেট করে এগিয়েছে বেজিংয়ের সেনা। আর এবার তাদের উত্তরাখণ্ডের মাটিতে প্রবেশের রিপোর্ট নিয়ে শুরু হয়েছে তোলপাড়।












Click it and Unblock the Notifications