লোকসভা নির্বাচনে বিজেপির জয় কেমন হতে পারে? কী বলছেন মার্কিন বিশেষজ্ঞ
এনডিএ চারশো কিংবা বিজেপি ৩৭০ পার করতে পারবে না, প্রশান্ত কিশোর তা অনেকদিন ধরেই বলছেন। বিজেপির তরফে এই দাবি মনস্তাত্ত্বিক বলেও জানিয়েছেন তিনি। তবে এবারও বিজেপি তথা নরেন্দ্র মোদীর জয় সম্পর্কে তিনি নিশ্চিত।
প্রশান্ত কিশোর সাম্প্রতিক ভবিষ্যদ্বাণীতে বলেছেন, বিজেপি তার ২০১৯-এর ফলাফলকেও ছাড়িয়ে যেতে পারে। প্রসঙ্গত ২০১৯-এ বিজেপি একাই ৩০৩টি আসন পেয়েছিল। একইসঙ্গে প্রশান্ত কিশোর বলেছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তেমন কোনও অসন্তোষ নেই।

- সম্প্রতি কী বলেছেন প্রশান্ত কিশোর
এই সপ্তাহের শুরুতে প্রশান্ত কিশোর বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি একই কিংবা কিছুটা বেশি সংখ্যা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছেন। সঙ্গে তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী কিংবা তাঁর দলের বিরুদ্ধে জনগণের কোনও সেরকম বেশি কোনও ক্ষোভ নেই।
- কী বলছেন আমেরিকার বিশেষজ্ঞ
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিশিষ্ট আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমার ভবিষ্যদ্বাণী করে বলেছেন, বিজেপি এবার তাদের সর্বোচ্চ সংখ্যক আসন পেতে পারে। এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে ইয়ান ব্রেমার বলেছেন, বিজেপি এবার ২৯৫ থেকে ৩১৫ টি আসন পেতে পারে। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী আর্থিক কর্মক্ষমতা এবং ধারাবাহিক সংস্কারের কারণে তৃতীয়বারেও জয়ী হতে চলেছেন।
- গত দুই নির্বাচনে কত আসন পেয়েছিল বিজেপি?
এখানে উল্লেখ করা প্রয়োজন ২০১৪ সালে বিজেপি একাই পেয়েছিল ২৮২ টি আসন। অন্যদিকে এনডিএ পেয়েছিল ৩৩৬ টি আসন। আর ২০১৯-এর নির্বাচনে বিজেপি ৩০৩ টি আসনে জয়ী হয়। এনডিএ পায় ৩৫০-এর বেশি আসন। প্রসঙ্গত কংগ্রেস ১৯৮৪ সালে চারশোর বেশি আসন পেয়েছিল। সংসদে সব থেকে বেশি আসন জয়ের রেকর্ড এখনও পর্যন্ত তাদেরই ঝুলিতে।
- বিজেপির আশা
ইন্ডিয়া ব্লকের দলগুলির আশা তারা পরপর তিনবার নির্বাচনে বিজেপি জয়ে বাধা তৈরি করতে পারবে। আবার বিজেপির আশা তারা দেশের উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে আসন ধরে রাখতে পারবেষ এছাড়াও বাংলা, ওড়িশা, তেলেঙ্গানার মতো রাজ্যে আরও বেশি আসন পাবে এবং কেরল ও তামিলনাড়ুর মতো রাজ্যে খাতা খুলতে পারবে।












Click it and Unblock the Notifications