পুরনো ভুল থেকে শিক্ষা! রাম-রাজ্যের ভোটে বিজেপিকে কোনও সুযোগ দিচ্ছেন না অখিলেশ
পুরনো ভুল থেকে শিক্ষা! রাম-রাজ্যের ভোটে বিজেপিকে কোনও সুযোগ দিচ্ছেন না অখিলেশ
২০২২ বদলাব হোগা! উত্তরপ্রদেশের ভোটে কার্যত যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ অখিলেশের। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে প্রবল বিজেপি ঝড়ে কার্যত ছিটকে যান সপা সুপ্রিমো। আর ওই হার থেকেই একাধিক শিক্ষা নিয়েছেন অখিলেশ। তাঁর বেশ কয়েকটি রাজনৈতিক ভুল তাঁকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। ২০২২ এর নির্বাচনে সেদিকে নজর রেখেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন অখিলেশ। আর তাঁর এক একটা পদক্ষেপে রীতিমত ঘুম ছুটছে বিজেপির। তবে সমাজবাদী পার্টি সুপ্রিমো নিশ্চিত যে এবার তাঁর হাত ধরেই উত্তরপ্রদেশ পরিবর্তন দেখবে।

সংখ্যালঘুদের সঙ্গে দূরত্ব!
গত বিধানসভা নির্বাচনে অখিলেশের হারের অন্যতম কারণ ছিল সংখ্যালঘু প্রেম! বিজেপি সে রাজ্যের মানুষের সামনে অখিলেশের নয়া এক রূপ তুলে ধরতে সক্ষম হয়েছিল। আর সেটাই রাম-রাজ্যের মানুষ মেনে নিয়েছিল। কিন্তু এবার সেই ভুল থেকে অনেকটাই শিক্ষা নিয়েছেন অখিলেশ। এবার এই বিষয়টিকে খেয়াল রেখে এগিয়ে যাচ্ছেন। প্রকাশিত খবর বলছে, সপা প্রধান প্রচারে তাঁর মঞ্চে কোনও মুসলিম নেতাকে জায়গা দিচ্ছেন না। এমনকি সংখ্যালঘুদের বিষয়টি নিয়েও অনেক মেপে কথা বলছেন। কোনও ভাবেই বিজেপির প্রলোভনে পা দিচ্ছেন না তিনি।

টিকিট দেওয়ার ক্ষেত্রেও সাবধানি
সংখ্যালঘুদের টিকিট দেওয়ার ক্ষেত্রেও অনেকটাই বুঝে শুনে পা ফেলছেন। ব্যাপক ভাবে মুসলিমদের টিকিট দিচ্ছেন না সপা প্রধান। মুলত ব্যাপক ভাবে সংখ্যালঘু প্রবন এলাকা পশ্চিম উত্তর প্রদেশের একাধিক আসনে আরএলডি প্রার্থী দিয়েছে। ব্যাপক ভাবে মুসলিম ভোটার রয়েছে মুজফফরনগর, গাজিয়াবাদে। সেখানেও সংখ্যালঘু কাউকে প্রার্থী করেননি অখিলেশ। মুসলিম ইস্যুতে বিজেপি যাতে তাঁকে না কোনও ভাবে আক্রমণ করতে পারে তেমন কোনও সুযোগই দিচ্ছেন না অখিলেশ।

সামাজিক ন্যায়ের উপর জোর
রামমোনহর লোহিয়ার সঙ্গে সঙ্গেই দলিত নেতা অম্বেদকরকেও অখিলেশ তাঁর রাজনৈতিক আদর্শ মেনে নিয়েছেন। সপার একাধিক পোস্টার, ব্যানারে তা স্পষ্ট। সামাজিক ন্যায়ের কথা বলেন এমন বহু নেতাকেই অখিলেশ নিজের দলে সামিল করেছেন। শুধু তাই নয়, দলিত, বঞ্চিত এবং পিছিয়ে পড়ার মানুষের কথা তুলে ধরছেন বারবার। এর আগে কখনও অখিলেশের মুখে এই সব কথা শোনা যায়নি। ইতিমধ্যে একাধিক নেতা বিজেপি ছেড়ে অখিলেশের সঙ্গে গিয়েছেন। তাঁদের মুখেও একই কথা। আর তাএ স্পষ্ট এবার অখিলেশ সামাজিক ন্যায়ের উপর জোর দিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন।

সাধারণ মানুষের কথা তুলে ধরছেন
গত পাঁচ বছরের উত্তরপ্রদেশের মানুষ কি চায় তা নিয়ে পর্যালোচনা করেছেন সপা প্রধান। আর সেদিকে তাকিয়ে বিজেপির বিরুদ্ধে রণকৌশল তৈরি করেছেন তিনি। একেবারে সাধারণ মানুষের চাহিদা কথা তুলে ধরছেন। কথা বলছেন একেবারে তাঁদের হয়েই। এবার ভোটে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা বলছেন। আর সেদিকে তাকিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে এই বিষয়ে ফর্মও দিচ্ছেন। পেনশন টাকা দ্বিগুণ করার কথা বলছেন। শুধু তাই নয়, ক্ষমতায় আসলে ১০ লাখ মানুষের রোজগারের সুযোগ করে দেওয়ার কথা বলছেন অখিলেশ।

পরিবারতন্ত্র আর নয়!
সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশের উপরে পরিবাতন্ত্রের অভিযোগ এসেছিল। এবার সম্পূর্ণ ভাবে সেই অভিযোগ ঘাড় থেকে নামাতে চান তিনি। অখিলেশ যাদবের কোনও র্যালি কিংবা সভাস্থলে সম্প্রতি পরিবারের কাউকে দেখা যায় না। এমনকি কাকা রামগোপাল যাদব, শিবপাল যাদব কিংবা ধর্মেন্দ্র যাদব কাউকেই মঞ্চে দেখা যায় না অখিলেশের সঙ্গে। এর আগে কাউকে না কাউকে সবসময়ে দেখা গিয়েছে। শুদু তাই নয়, এইবার অখিলেশ তাঁর পরিবারের কাউকেই টিকিট দিচ্ছেন না বলেও জানা গিয়েছে। ফলত বিজেপিকে কোনও ভাবেই জায়গা ছাড়তে নারাজ সমাজবাদী পার্টি সুপ্রিমো।

যাদব বংশ নিয়ে সাবধানী অখিলেশ
সমাজবাদী পার্টির উপর যাদববাদে ট্যাগ অখিলেশ যাদবের রাজনৈতিক কেরিয়ারে বড়সড় লোকসান করেছিল। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই বিষয়টিকেই কাজে লাগিয়েছিল। ওবিসি নেতারা কার্যত ক্ষুব্ধ হয়েছিল। এই অবস্থায় যাদববাদ ট্যাগ এবারের ভোটে কোনও প্রভাব না ফেলতে পারে সেদিকেই নজর অখিলেশের।

মমতা সামনে রেখে একজোট
এবারে ভোটে আরও একটু গুরুত্বপূর্ণ হল আঞ্চলিক শক্তিগুলির একজোট হওয়া। এবং ভোট ভাগাভাগি না হওয়া। তৃণমূল সহ একাধিক ছোট দলের সঙ্গে জোট অখিলেশের। শধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই এগিয়ে যেতে চাইছেন অখিলেশ। আগামী ৮ তারিখ বারানসি যাচ্ছেন মমতা। সেখানে বক্তব্য রাখার কথা আছে তাঁর।












Click it and Unblock the Notifications