Maha Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্টে মৃতের সংখ্যায় কারচুপি! দাবি অখিলেশের, "ছোট ঘটনা," বললেন হেমা
Maha Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় এবার সংসদে ঝুড় তুলল বিরোধীরা। হাজারো প্রশ্নবাণে কেন্দ্রকে বিদ্ধ করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মহাকুম্ভে মৌনী অমাবস্যায় (Mauni Amavasya) পদপিষ্টের ঘটনায় যোগী আদিত্যনাথের সরকার মৃতের সংখ্যায় কারচুপি করছে বলে অভিযোগ অখিলেশের। পাল্টা অখিলেশকে জবাব দিলেন বিজেপির সাংসদ হেমা মালিনী।
গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় অমৃত স্নান (Amrit Snan) করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান জনা ৩০ জন। জখম হয় ৬০ জনের বেশি। যদিও এই ঘটনায় আরও বেশি মৃত্যু হয়েছে বলে দাবি অখিলেশের।

সংসদে রাষ্ট্রপতির বাজেট বক্তৃতার ধন্যবাদ জ্ঞাপনে জবাবি ভাষণে অংশ নিয়ে অখিলেশ এদিন সরব হন মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে। কুম্ভে চরম গাফিলতি ধামাচাপার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাঁর। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন সপা নেতা।
অখিলেশ এদিন বলেন, "কেন্দ্রীয় সরকার শুধু বাজেটের সংখ্যা নিয়ে বলছেন, একবার কুম্ভের মৃতদের সংখ্যাটাও বলুন। মহাকুম্ভে মৃত ও জখমদের সংখ্যা সংসদে পেশ হোক। একইসঙ্গে প্রয়োজনীয় ওষুধ রয়েছে কি না, চিকিৎসক, খাবার, জল, পরিবহনের ব্যবস্থা রয়েছে কি না, সেসম্পর্কে বিস্তারিত তথ্য সংসদে পেশ করতে হবে।"
জেসিবি মেশিন ব্যবহার করে পদপিষ্টে মৃতদের দেহ রাতারাতি মাটিতে চাপা দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ অখিলেশের। এখানেই থেমে থাকেননি অখিলেশ। তাঁর আরও বক্তব্য, "লোকে পুণ্য করতে এসে পরিজনদের মৃতদেহ কাঁধে করে নিয়ে গেলেন।"
অখিলেশ বলেন, "সরকার নিজের চোখে মৃতদেহগুলি দেখলেও সংখ্যা বলতে চাইছে না। মৃতদেহের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। এটা কোন ধরনের সনাতনী সংস্কৃতি? যখনই সবাই প্রশ্ন তুলতে শুরু করেছে, ওমনি সরকার ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে।"
যদিও অখিলেশের পাল্টা ভাষণে বিজেপির তারকা সাংসদ হেমা মালিনীর দাবি, মহাকুম্ভে ছোট ঘটনা ঘটেছে। হেমা বলেন, "কুম্ভে গিয়েছিলাম। পুণ্যস্নান সারতে কোনও অসুবিধা হয়নি। ঘটনা একটা ঘটেছে ঠিকই। তবে এতটা বড় কিছু জানিনা। এটাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। সবকিছু ঠিকই রয়েছে ওখানে। শয়ে শয়ে লোক আসছে। পরিস্থিতি মোকাবিলায় বেগ পেতে হলেও আমরা নিজেদের সেরাটা দিচ্ছি।"












Click it and Unblock the Notifications