Ajit Pawar: টানা ৬ বারের উপমুখ্যমন্ত্রী! ভিত শক্ত করেও মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী আসন অধরাই অজিত পাওয়ারের
Ajit Pawar: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে রাজকীয় প্রত্যাবর্তন দেবেন্দ্র ফড়ণবীসের (Devendra Fadnavis)। মারাঠা রাজনীতির অন্দরে যখন চাণক্যের ভূমিকা পালন করে প্রশংসা কুড়োচ্ছেন ফড়ণবীশ, লাইমলাইটে না এলেও একই প্রশংসার ভাগীদার অজিত পাওয়ারও। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কেরিয়ার শেষ হওয়ার রব উঠলেও ফের একবার অজিত প্রমাণ করলেন, মহারাষ্ট্রের শাসকদলে ফিনিক্স পাখি তিনিই।
বৃহস্পতিবার উপমুখ্যমন্ত্রী (Deputy CM) পদে শপথ নিয়ে ইতিহাস গড়লেন এনসিপির অজিত পাওয়ার। এই নিয়ে টানা ছয় ছয়বার উপমুখ্যমন্ত্রী হলেন তিনি। বাকি শরিক নেতাদের পদোন্নতি, অবনতি হলেও একমাত্র অজিতই আসন ধরে রাখলেন। এরপর অবশ্য পছন্দের অর্থ দফতরটি পাবেন কিনা,তা এখন দেখার।

লোকসভায় অবশ্য ফ্লপই ছিল অজিতের দল। কাকা শরদ পাওয়ারের (Sharad Pawar) এনসিপি ৮ আসন ছিনিয়ে নিয়েছিল। সেখানে অজিতের গোষ্ঠী পেয়েছিল মাত্র ১টি আসন। সেই ক্ষত ৬ মাসের ব্যবধানে বিধানসভা ভোটেই মুছে দিয়েছেন অজিত। ৫৯ আসনে প্রার্থী দিয়ে ৪১টিতেই জয়ী হয়েছে অজিত পাওয়ারের এনসিপি।
শরদ পাওয়ারের এনসিপিতে (NCP) বিদ্রোহ ঘোষণা করে সদলবলে এনডিএ শিবিরে যোগ দিয়েছিলেন অজিত পাওয়ার। তার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখন মারাঠা রাজনীতিতে নিজের ও দলের জায়গা শক্তপোক্ত করে নিয়েছেন অজিত। বিভিন্ন জোটের সরকারে টানা ৬ বার উপমুখ্যমন্ত্রী হয়ে গড়েপিঠে নিয়েছেন নিজের ভিত। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ অধরাই রয়ে গেল।
উপমুখ্যমন্ত্রী অজিত যে মুখ্যমন্ত্রী কোনওদিন হতে চাননি এমনটা নয়। সেই ১৯৯১ সাল থেকে মহারাষ্ট্রের রাজনীতির কেন্দ্রবিন্দুতে অন্যতম নেতা হিসেবে থেকেও মুখ্যমন্ত্রীর আসন তাঁর থেকে দূরেই থেকেছে। তবে এনিয়ে কাকা শরদ পাওয়ারকেও দোষারোপ করতে ছাড়েন না অজিত। কংগ্রেসের সঙ্গে জোটের সরকারে থাকাকালীন কেন তাঁর হয়ে মুখ্যমন্ত্রিত্বের সওয়াল শরদ করেননি, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজও করেন অজিত।
২০১০ থেকে ২০১২, ২০১২ থেকে ২০১৪ পৃথ্বীরাজ চহ্বণের সরকারে উপমুখ্যমন্ত্রী থেকেছেন অজিত পাওয়ার। ২০১৯ সালের নভেম্বরে দেবেন্দ্র ফড়ণবীসের সরকারে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত। তিনদিন পর ইস্তফা দিয়ে চলে যান শরদ শিবিরে। এরপর সেবছরই ডিসেম্বরে উদ্ধব ঠাকরের সরকারে ফের উপমুখ্যমন্ত্রী হন অজিত পাওয়ার।
২০২৩ এর শুরুর দিকে মহা বিকাশ আঘাড়ি ছেড়ে ফের বিজেপি নেতৃত্বাধীন মহাজুটিতে যোগ দেন তিনি। একনাথ শিন্ডের সরকারে ২০২৪ পর্যন্ত উপমুখ্যমন্ত্রী ছিলেন অজিত পাওয়ার। আর এবার ফের দেবেন্দ্র ফড়ণবীসের সরকারে উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার।












Click it and Unblock the Notifications