Governor Change: মণিপুরের দায়িত্বে অজয় কুমার ভাল্লা, বেশ কয়েকটি রাজ্যে রাজ্যপাল বদল
Governor Change: বড়দিনের প্রাক্কালে বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল বদল করা হলো। এই রদবদলগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
দীর্ঘদিন ধরে অশান্ত মণিপুর। পরিস্থিতি স্বাভাবিক করতে এবার বড় পদক্ষেপ করা হলো। কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে করা হলো মণিপুরের রাজ্যপাল। রাজ্যপাল বদলের প্রক্রিয়ায় এটিই সবচেয়ে তাৎপর্যপূর্ণ রদবদল।

গত বছরের মে মাস থেকেই অশান্ত মণিপুর। অজয় কুমার ভাল্লার অভিজ্ঞতা কাজে লাগিয়েই মণিপুরকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর প্রক্রিয়ায় কেন্দ্র গতি আনতে চাইছে বলে অভিমত বিশেষজ্ঞদের। গত ৩১ জুলাই মণিপুরের রাজ্যপাল হন লক্ষ্মণ প্রসাদ আচার্য। ভাল্লা তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন।
পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা অজয় কুমার ভাল্লা ১৯৮৪ সালের অসম-মেঘালয় ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। গত অগাস্ট অবধি তিনি টানা পাঁচ বছর স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলেছেন।
বিভিন্ন ইস্যুতে কেরলের রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্য, বিতর্কে জড়িয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তাঁকে কেরলের রাজ্যপালের পদ থেকে সরিয়ে বিহারের রাজ্যপাল করা হলো। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর হলেন কেরলের রাজ্যপাল।
ওডিশার রাজ্যপাল রঘুবর দাসের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। ওডিশার রাজ্যপাল করা হলো ড. হরি বাবু কাম্ভামপতিকে। তিনি মিজোরামের রাজ্যপাল ছিলেন। প্রাক্তন সেনা প্রধান ড. বিজয় কুমার সিংকে নিজোরামের রাজ্যপাল করা হলো। এই প্রথম তিনি কোনও রাজ্যের রাজ্যপাল হলেন। তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাংসদ ছিলেন টানা ১০ বছর। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভাতেও ছিলেন। তবে একাধিক রাজ্যে রাজ্যপাল বদল হলেও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গের নাম।












Click it and Unblock the Notifications