কড়া সুপ্রিম নির্দেশের পর কেন্দ্রকে ১০ হাজার কোটি টাকা দিল এয়ারটেল, কোন পথে হাঁটবে ভোডাফোন?
স্পেকট্রাম ব্যবহারের চার্জ ও লাইসেন্স ফি বাবদ বকেয়া মেটানো নিয়ে কয়েকদিন আগেই কড়া ভাষায় ভর্ৎসনা শুনতে হয় টেলিকম সংস্থাগুলিকে। এই অবস্থায় সময়ের আগেই বকেয়া অর্থের আংশিক পরিমাণ মিটিয়ে দিল এয়ারটেল। কেন্দ্রকে এই বাবদ ১০ হাজার কোটি টাকা দিল ভারতী এয়ারটেল।

এর আগে সুপ্রিমকোর্টের তরফে বলা হয়, ১৭ মার্চের আগেই কেন্দ্রীয় সরকারের পাওনা মিটিয়ে দিতে হবে সংস্থাগুলিকে। আর তা না দিলে আদালত অবমাননার দায়ে পড়বে সংস্থাগুলি।
এয়ারটেলের বকেয়ার পরিমাণ প্রায় ৩৫,৫৮৬ কোটি টাকা। তবে সেই টাকার সংস্থান করা আছে বলেই সংস্থা সূত্রের দাবি। টেলিকম দফতরকে লেখা চিঠিতে এয়ারটেল বলেছে, প্রাথমিকভাবে ১০ হাজার কোটি এবং ১৭ মার্চ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে বাকি টাকা মিটিয়ে দেবে তারা।
এই মুহূর্তে মোট ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে টেলি সংস্থাগুলির। যার মধ্যে শীর্ষেই নাম রয়েছে দুই টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেলের। ভোডাফোন আইডিয়ার বকেয়া ৫৩,০৩৮ কোটি টাকা। এয়ারটেলের ৩৫,৫৮৬ কোটি টাকা, যার মধ্যে ১০ হাজার কোটি টাকা তারা মিটিয়ে দিয়েছে। রিলায়েন্স জিও নির্দিষ্ট সময়ের মধ্যেই ১৯৫ কোটি মিটিয়েছে। এয়ারটেল প্রাথমিকভাবে বকেয়া মেটাতে শুরু করলেও ভোডাফোন-আইডিয়া কী করবে সেটা এখনও জানা যায়নি।
এই অবস্থায় গত ২৩ জানুয়ারি টেলিকম মন্ত্রক এক নির্দেশিকা জারি করে বলে, টেলিকম সংস্থাগুলি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলেও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। টেলিকম মন্ত্রকের এই নির্দেশিকার পরেই কড়া হুমকি দিয়ে সুপ্রিম কোর্ট বলে রায় অমান্য করলে আদালত অবমাননার দায়ে পড়বেন ওই দুই সংস্থার কর্ণধারেরা।












Click it and Unblock the Notifications