এয়ার ইন্ডিয়ায় বডসড় সাইবার হানা, হ্যাকারদের কব্জায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য
এয়ার ইন্ডিয়ায় সাইবার হানা, হ্যাকারদের কব্জায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য
এবার হ্যাকারদের নিশানায় এয়ার ইন্ডিয়া। ভারতীয় বিমান সংস্থার সঙ্গে বড়সড় সাইবার জালিয়াতির অভিযোগ উঠেছে। বিপদের মুখে পড়তে চলেছেন এয়ার ইন্ডিয়ার ৪৫ লক্ষ যাত্রী। উপভোক্তাদের টিকিট, পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ফোন নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কব্জায় চলে যেতে পারে বলে সংস্থার তরফে আশঙ্কা করা হচ্ছে।

দেশের রাষ্ট্রয়ত্ব সংস্থার সার্ভার হ্যাক করার অভিযোগ উঠেছে জালিয়াতদের বিরুদ্ধে। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভারে মজুত থাকা সংস্থার সব তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য সহ বিমান সংস্থার বহু মূল্যবান নথি এখন হ্যাকারদের হাতে বলে জানানো হয়েছে। তবে কোনও পাসওয়ার্ডের ডেটা হ্যাক করা হয়নি বলে যাত্রীদের আশ্বস্তও করেছে এয়ার ইন্ডিয়া।
এই খবরে এয়ার ইন্ডিয়ার নিয়মিত যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সংস্থার তরফে তাঁদের আশ্বস্ত করা হয়েছে এই বলে যে হ্যাকররা তাদের সিস্টেমে অস্বাভাবিক কোনও পরিবর্তন ঘটাতে পারেনি। তথ্য চুরি যাওয়ার পর যা যা করা দরকার, সংস্থার তরফে সেসব করা হয়েছে বলে জানানো হয়েছে। যাত্রীদের সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে এয়ার ইন্ডিয়া।
যে যে যাত্রী এই জালিয়াতির শিকার হয়েছেন, তাঁদের মেসেজ করে বিষয়টি জানিয়েছে এয়ার ইন্ডিয়া। কাদের তথ্য চুরি হয়েছে, সে সংক্রান্ত তথ্য এয়ার ইন্ডিয়া ২৫ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে পেয়েছে বলে বিমান সংস্থার বক্তব্য। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকাজটি করা হয়েছে। তাতে এয়ার ইন্ডিয়ার জেনেভা-স্থিত সিস্টেম প্রভাইডার সিটা প্রভাবিত হয়েছে বলেও খবর।
তবে যাত্রীদের ক্রেডিট কার্ডের সিভিভি এবং সিভিসি নম্বরগুলি সার্ভারে রাখা হয় না বলে সেগুলি সুূরক্ষিত বলে আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া। তাছাড়া ঘটনার পর সার্ভারের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলা হয়েছে বলেও খবর। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপরে বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছে এয়ার ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications