Air India: মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব, মদ্যপ যাত্রীকে নিয়ে হুলুস্থূল কাণ্ড নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী উড়ানে
Air India: মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব, মদ্যপ যাত্রীকে নিয়ে হুলুস্থূল কাণ্ড নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী উড়ানে
নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ানে মদ্যপ যাত্রীকে নিয়ে হুলুস্থূল কাণ্ড। মদ্যপ যাত্রী এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। এয়ার ইন্ডিয়ার ইড়ানের বিজনেস ক্লাসে ঘটেছে এই ঘটনা। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।

গত ২৬ নভেম্বর ঘটেছে এই ঘটনা। এয়ার ইন্ডিয়ার ১০২ উড়ানটি নিউ-ইয়র্ক থেকে দিল্লি ফিরছিল। বিমানটি যখন মাঝ আকাশে তখন মদ্যপ যাত্রী মধ্যাহ্ন ভোজন করেই মহিলা যাত্রীর সিটের দিকে যান। এবং মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। সহ যাত্রীরা তাঁকে সেখান থেকে সরে যেতে বললেও সেটা করেননি তিনি। দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিলেন মদ্যপ যাত্রী। কিন্তু কেবিন ক্রু কোনও কিছুই করেনি সেই যাত্রীকে সরানোর জন্য। মহিলা যাত্রী এই নিয়ে টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লিখে ঘটনাটি জানানোর পরেই খবরের শিরোনামে আসে এটি।
মহিলা যাত্রী টাটা গ্রুপের চেয়ারম্যানকে চিঠিতে লিখেছেন, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা কেবিন ক্রু তাঁকে শুধু পোশাক বদল করার জন্য আলাদা পোশাক দিয়েছিলেন। কিন্তু মদ্যপ যাত্রীর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করা হয়নি। যদিও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁরা এই নিয়ে বিমানবন্দরের পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। বিমান যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার এবং অভব্যতার অভিযোগ জানানো হয়েছে মদ্যপ যাত্রীর বিরুদ্ধে। তারপরে পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে। এখনও ঘটনার তদন্ত চলছে। সেই যাত্রীকে নো ফ্লাই লিস্টে রাখা হয়েছে বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।
সম্প্রতি একাধিক উড়ানে পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। মধ্যপ যাত্রীকে কীভাবে বিমানে ওঠার অনুমতি দেওয়া হল তানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে অত্যন্ত ঐতিহ্যপূর্ণ বলে মনে করা হয়। সেখানে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয় বলে মন্তব্য করেছেন অনেকেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি শুরু হয়েছে। গত বছরই এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাটিকে টাটা কোম্পানির কাছে বিক্রি করেছে ভারত সরকার। তারপর পরিষেবা উন্নত হওয়া তো দূরের কথা আরও অবনতি হতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন অনেকেই।












Click it and Unblock the Notifications