ফের এয়ার ইন্ডিয়া বিমানে বিভ্রাট, মাঝ আকাশে ইঞ্জিনে আগুন, দিল্লিতে জরুরি অবতরণ
ফের বিমানে ত্রুটি। শিরোনামে ফের এয়ার ইন্ডিয়া। তবে বড় বিপদের আশঙ্কা থাকলেও বিপদ হয়নি। রবিবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটি ইন্দোর যাচ্ছিল এবং উড়ানের প্রায় ৩০ মিনিট পর পাইলট বিমানের ডান ইঞ্জিনে 'আগুন লাগার ইঙ্গিত' পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এ৩২০ নিও মডেলের ওই বিমানের একটি ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বিমানটি পরে নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে। তবে ঘটনা হল, এই খবর জানাজানির পর ফের আতঙ্ক তৈরি হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে। সেই সময় বিমানে ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বিমানটি ৩০ মিনিটের বেশি সময় ধরে আকাশে ছিল। বিপদ বুঝে অবতরণ করে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইট AI2913 দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে এদিন ভোরে যাত্রা করেছিল। উড়ানের কিছুক্ষণ পরেই ককপিট ক্রুরা ডান ইঞ্জিনে আগুন লাগার সংকেত পান এবং এর পরই বিমানটি দিল্লিতে ফিরে আসে। টাটা গ্রুপের মালিকানাধীন এই এয়ারলাইন্স সংস্থা আরও জানিয়েছে, নিয়ম অনুযায়ী ককপিট ক্রুরা ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং নিরাপদে দিল্লিতে ফিরে আসেন।
যে বিমানটিতে এই ঘটনা ঘটেছে, সেটি বর্তমানে পরিদর্শনের জন্য বন্ধ রাখা হয়েছে। এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, যাত্রীদের তারপরে অন্য একটি বিমানে স্থানান্তরিত করা হয়। পরে সেটি ইন্দোরের উদ্দেশে রওনা দেবে বলেও জানানো হয়। এই ঘটনার বিষয়ে বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (DGCA) জানানো হয়েছে বলে এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্প্রতি গুজরাতে এয়ার ইন্ডিয়ারই বিমান দুর্ঘটনার স্মৃতি সকলের মনে দাগ কেটে রয়েছে। তারপর বেশ কিছুদিন দেশের নানা প্রান্তে বিমান বিভ্রাট চলেছে। এদিন ফের এয়ার ইন্ডিয়ার বিমানেই ইঞ্জিন বিভ্রাট হওয়ায় আতঙ্ক জেগে উঠেছে।












Click it and Unblock the Notifications