Air India: ব্ল্যাক বক্সের ডেটা ডাউনলোড হয়েছে, চলছে তদন্ত, এয়ার ইন্ডিয়ার বিমানের ভেঙে পড়ার রহস্য কবে সামনে আসবে?
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা তদন্তে নেমে এএআইবি এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই১৭১-এর ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ শুরু করেছে। বিমানটি ১২ জুন আহমেদাবাদ থেকে উড়ানের পরই ভেঙে পড়েছিল।
আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী একটি আনুষ্ঠানিক তদন্তের অংশ হিসেবে ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) উভয়ই আহমেদাবাদে দুর্ঘটনার স্থান থেকে উদ্ধার করা হয়েছে। ১৩ জুন একটি বক্স মেডিক্যাল হস্টেলের ছাদ থেকে এবং ১৬ জুন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় সেগুলি। এরপর ব্ল্যাকবক্সগুলিকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।

এএআইবি বর্তমানে দুর্ঘটনার তদন্ত করছে। এদিন বৃহস্পতিবার সরকার জানিয়েছে, ডিভাইস দুটি (সিভিআর এবং এফডিআর) ভারতীয় ভারতীয় বায়ুসেনা গত মঙ্গলবার, ২৪ জুন দিল্লিতে নিয়ে আসে। তার আগে সেগুলি পুলিশি নিরাপত্তা এবং সিসিটিভি নজরদারির অধীনে ছিল।
সরকারের জারি করা একটি বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করার কাজ শুরু হয়েছে। সামনের ব্ল্যাক বক্স থেকে ক্র্যাশ প্রোটেকশন মডিউল নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এদিন মেমোরি মডিউলটি সফলভাবে অ্যাক্সেস করা হয়েছে এবং এএআইবি ল্যাবে এর ডেটা ডাউনলোড করা হয়েছে।
এএআইবি ১৩ জুন নির্ধারিত নিয়ম মেনে তদন্ত শুরু করেছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, ব্ল্যাক বক্স তদন্তকারী দলটি আন্তর্জাতিক মান অনুযায়ী গঠিত এবং এটি এএআইবি-এর ডিরেক্টর জেনারেলের নেতৃত্বে গঠিত। সেখানে এএআইবি, মার্কিন যুক্তরাষ্ট্রের এনটিএসবি-র প্রযুক্তিগত বিশেষজ্ঞ, একজন বিমান চলাচল মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) অফিসারও রয়েছেন।
প্রসঙ্গত, ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) বিমানের ককপিটের ভেতরের শব্দ রেকর্ড করে। এর মাধ্যমে শেষ মুহূর্তে পাইলট এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের মধ্যে কী কথা হয়েছিল, তা জানা যায়। অন্যদিকে, ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের পারফরম্যান্স-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে। এই দুটি ব্ল্যাক বক্স বিমান দুর্ঘটনার কারণ নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।












Click it and Unblock the Notifications