বোয়িং ৭৮৭ বিমানের জ্বালানি সুইচে ত্রুটি নেই, আশ্বাস এয়ার ইন্ডিয়ার
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বহরের বিমানে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সংক্রান্ত কোনও সমস্যার প্রমাণ মেলেনি, ঠিক এমনটাই জানাল এয়ার ইন্ডিয়া। বুধবার বিমান সংস্থার তরফে জানানো হয়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বহরের সব সচল বোয়িং ৭৮৭ বিমানে সুইচের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে ও কোথাও কোনও অসঙ্গতি ধরা পড়েনি।
সম্প্রতি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরুগামী একটি বোয়িং ৭৮৭ বিমানে জ্বালানি সুইচে সম্ভাব্য ত্রুটির অভিযোগ ওঠে। ওই ঘটনার পরই গোটা বহরে বিশেষ নজরদারি শুরু করে এয়ার ইন্ডিয়া। বর্তমানে সংস্থার কাছে মোট ৩৩টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে, যার মধ্যে ২৮টি পরিষেবায় রয়েছে।

এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, এক পাইলটের পর্যবেক্ষণের ভিত্তিতে 'অতিরিক্ত সতর্কতা' হিসেবে সব সচল বিমানে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ ফের খতিয়ে দেখা হয়। তবে পরীক্ষার পর কোথাও কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি বলে দাবি করেছে সংস্থা।
একই সঙ্গে বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এর সক্রিয় ভূমিকার কথাও স্বীকার করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার দাবি, ডিজিসিএ নিজস্বভাবে পরীক্ষা চালিয়ে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচকে সম্পূর্ণ নিরাপদ বলে ছাড়পত্র দিয়েছে।
উল্লেখ্য, লন্ডন থেকে বেঙ্গালুরু আসা বোয়িং ৭৮৭-৮ বিমানের ওই ফ্লাইটে ২০০ এর বেশি যাত্রী ছিলেন। বিমানে সম্ভাব্য ত্রুটির কথা জানার পর সেটিকে পরিষেবা থেকে সরিয়ে বিস্তারিত পরীক্ষা করা হয়।
এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ পরিচালনার ক্ষেত্রে নির্মাতা সংস্থার (ওইএম) সুপারিশ করা পদ্ধতি সব ক্রু সদস্যের মধ্যে প্রচার করার নির্দেশ পুরোপুরি মেনে চলবে তারা।
এদিকে মঙ্গলবার ডিজিসিএ জানিয়েছিল, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে সুইচ পরিচালনার সময় নির্ধারিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হয়নি। ভবিষ্যতে যাতে ক্রু সদস্যরা নিয়ম মেনে কাজ করেন, সে বিষয়ে বিমান সংস্থাকে কড়া নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
প্রসঙ্গত, গত বছর জুনে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়। সেই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ নিয়ে বিশেষ নজরদারি চলছে।












Click it and Unblock the Notifications