মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়ামের বেসরকারিকরণ, জানালেন নির্মলা সীতারমন
এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্র। এবার বেসরকারিকরণের তালিকায় যোগ হল আরও এক রাষ্ট্রায়ত্ত সংস্থার।
এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্র। এবার বেসরকারিকরণের তালিকায় যোগ হল আরও এক রাষ্ট্রায়ত্ত সংস্থার। ভারত পেট্রোলিয়ামকেও বিক্রি করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ভারত পেট্রোলিয়ামের ৫৩.২৯ শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের। সেটা পুরোটাই বিক্রি করে দেওয়া হবে। মার্চের মধ্যেই বেসরকারিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন অর্থমন্ত্রী।

মার্চের মধ্যে বিক্রি দুই সংস্থা
এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, দুটি সংস্থার বেসরকারিকরণের প্রক্রিয়া চলতি অর্থবর্ষের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। দুই সংস্থা নিয়ে কেন্দ্রের পরিকল্পনা সম্পর্কে নির্মলা জানান, চলতি অর্থবর্ষে এই সংস্থাগুলি থেকে এক লক্ষ কোটি টাকা তুলতে চায় কেন্দ্র। বাস্তবের দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি। রাষ্ট্রাযত্ত সংস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথা জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, চলতি অর্থবর্ষে সরকার এই প্রতিষ্ঠানগুলি থেকে এক লক্ষ কোটি টাকা তুলতে চায়।

'আর্থিক মন্দা নিয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে '
দেশে আর্থিক মন্দা নিয়েও সরকার ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেছেন নির্মলা। তিনি জানান, আর্থিক উন্নয়ন ধীর হলেও, সেই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য সরকার সবরকম পদক্ষেপ করছে। সে সব ক্ষেত্র সমস্যায় পড়েছিল, তারা ক্রমশ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে। শিল্পপতিরাও নতুন বিনিয়োগ আনতে কাজ শুরু করেছে বলে নির্মলা জানান।

জিএসটি সংগ্রহ আশানুরূপ না
সরকারের কোষাগারের অবস্থা শোচনীয়। অর্থনীতি গতি পাচ্ছে না। এমন অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দাবি, দেশের স্বার্থে সরকারকে অনেক অপ্রিয় পদক্ষেপ নিতে হচ্ছে। জিএসটি সংগ্রহ যে আশানুরূপ হচ্ছে না, সে কথাও বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তবে যে সব জায়গায় ফাঁকফোকর রয়েছে সেগুলি মেরামত করে ফেলায় সংগ্রহ আবার বাড়বে বলে মনে করছেন তিনি। এদিকে এয়ার ইন্ডিয়া বিক্রি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে বলে দাবি করেন নির্মলা।

৫৮ হাজার কোটি টাকা ঋণের বোঝা
যদিও বাস্তব পরিস্থিতি এর উলটো কথাই বলছে। রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাকে কেনার ব্যাপারে সেভাবে কোনো সংস্থা এগিয়ে আসেনি। দিনের পর দিন ঋণ বেড়েছে এয়ার ইন্ডিয়ার। আর্থিক দিক থেকে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে এই সংস্থার। ক্রমাগত লোকসানে চলা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে গিয়ে বারবার ধাক্কা খেতে হয়েছে কেন্দ্রকে। ৫৮ হাজার কোটি টাকা ঋণের বোঝা এয়ার ইন্ডিয়ার উপর। গত অর্থবর্ষে এয়ার ইন্ডিয়ার লোকসান হয়েছে ৪৬০০ কোটি টাকা।












Click it and Unblock the Notifications