Air India: দুর্ঘটনার স্মৃতি মুছতে বদলে ফেলা হল অভিশপ্ত এআই ১৭১ বিমানের নম্বর
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এবার নিজেদের অভিশপ্ত বিমানের নম্বর পরিবর্তন করল এয়ার ইন্ডিয়া। দুর্ঘটনার মর্মান্তিক স্মৃতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, যে বিমানটি দুর্ঘটনায় পড়েছিল, সেই এআই ১৭১ (AI 171) নম্বরের পরিবর্তে এখন থেকে এআই ১৫৯ (AI 159) নম্বর ব্যবহার করা হবে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মনে করছে, এই পরিবর্তনের ফলে যাত্রী এবং কর্মীদের মনে দুর্ঘটনার নেতিবাচক প্রভাব কিছুটা হলেও কমবে।

বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের পরই এআই ১৭১ বিমানটি দুর্ঘটনার শিকার হয়। ওড়ার পরপরই বিমানবন্দর সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে। এই ঘটনায় যাত্রী এবং ক্রু সদস্য ও লোকালয়ের মানুষ ধরে প্রায় তিনশো জনের কাছাকাছি মানুষের প্রাণ গিয়েছে। ঘটনার পর সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে একটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বর্তমানে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।
সাধারণত বিমান সংস্থাগুলি বড় দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ফ্লাইটের নম্বর পরিবর্তন করে থাকে। এটি এক প্রকার মনস্তাত্ত্বিক পদক্ষেপ, যা অতীতেও বিভিন্ন বিমান সংস্থা কার্যকর করেছে। এর মাধ্যমে দুর্ঘটনার সঙ্গে যুক্ত দুঃখের স্মৃতির বোঝা কিছুটা হালকা করার চেষ্টা করা হয়।
এয়ার ইন্ডিয়ার এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এই ধরনের স্পর্শকাতর মুহূর্তে মানুষের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। দুর্ঘটনার ক্ষত সারিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য এই ধরনের নম্বর পরিবর্তন সহায়ক হতে পারে।












Click it and Unblock the Notifications