সংকটজনক অরুণ জেটলি! আজ প্রকাশ হতে পারে মেডিক্যাল বুলেটিন
সংকটজনক অরুণ জেটলি। ভর্তি এআইআইএমএস-এর আইসিইউতে। বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় শুক্রবার।
সংকটজনক অরুণ জেটলি। ভর্তি এআইআইএমএস-এর আইসিইউতে। বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় শুক্রবার। এদিন বেলা বারোটা নাগাদ তাঁর হেলথ বুলেটিন প্রকাশ করা হতে পারে। একদল বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

সূত্রের খবর অনুযায়ী, এন্ডোক্রিনোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। যদিও চিকিৎসকদের মতে অরুণ জেটলির অবস্থা স্থিতিশীল। এদিকে শুক্রবার তাঁর অবস্থার কথা শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা হাসপাতালে গিয়েছিলেন।
এছাড়াও যাঁরা হাসপাতালে গিয়েছিলেন তাঁদের মধ্যে রয়েছেন, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, লোকতান্ত্রিত জনতা দলের শারদ যাদব, যোগগুরু রামদেব অরুণ জেটলিকে দেখতে হাসপাতালে যান।
গত দুবছর ধরে জেটলি অসুস্থ। গতবছরে তাঁর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। শরীর খারাপের কারণে ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট পেশের সময়েও তিনি ছিলেন অনুপস্থিত।
৬৬ বছর বয়সী, পেশায় আইনজীবী অরুণ জেটলি নরেন্দ্র মোদী সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কিন্তু শরীর খারাপের কারণে দ্বিতীয়বারের সরকার থেকে দূরেই থেকে যান তিনি। শরীর খারাপের কারণে তিনি ২০১৯-এর লোকসভা নির্বাচেন প্রতিদ্বন্দ্বিতা করেননি।












Click it and Unblock the Notifications