রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায়ের আগে কার্যত দুর্গে পরিণত মন্দির শহর অযোধ্যা
আর কয়েক দিনের মধ্যেই বের হতে চলেছে অযোধ্যায় বিতর্কিত রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায়।
এদিন বের হতে চলেছে অযোধ্যায় বিতর্কিত রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায়। সেই কারণেই কার্যত দুর্গের চেহারা নিয়েছে উত্তরপ্রদেশের এই এলাকা। গোটা অর্যোধ্যা জুরে জারি হয়েছে ১৪৪ ধারা। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই কেন্দ্র তথা রাজ্য সরকার তৎপর। রায়ের পর পরিস্থিতি কি হবে তা আগাম আঁচ করেই নেমে পড়েছে প্রশাসন।

রায় সামনেই
আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ। তার আগেই অযোধ্যা মামলার রায় বের হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আর এক সপ্তাহের মধ্যেই কয়েক দশক পুরনো এই মামলার রায় প্রকাশ্যে আসবে। এবং তার প্রেক্ষিতেই এই শহরের নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছে। যাতে সমস্ত ধরনের অযাচিত ঘটনা এড়ানো যায়।

সতর্ক যোগী প্রশাসন
অযোধ্যায় এবং লখনৌয়ে হেলিকপ্টার ব্যবস্থা চালু করা হচ্ছে বলে যোগী আদিত্যনাথের প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট ও সিনিয়র আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী। একেবারে প্রত্যেক মুহূর্তে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। এমনকী কন্ট্রোল রুমও তৈরি হচ্ছে।

এলাকায় নজরদারি
জেলাশাসকদের বলা হয়েছে তাঁর জেলার সব ধর্মের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলতে। এবং এলাকায় এলাকায় পুলিশের রুটমার্চ বাড়িয়ে দিতে বলা হয়েছে। এই রাজ্যে কেউ কোনও অযাচিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে সরকার অত্যন্ত কড়া ব্যবস্থা নিতে চলেছে। একইসঙ্গে স্পিড ডায়াল-এর জন্য ১১২ নম্বর রেখেছে যোগী সরকার। যেকোনও প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করা যাবে।

কড়া নিরাপত্তার ব্যবস্থা
অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার প্রেক্ষিতে সব মিলিয়ে মোট ১৫৩ কোম্পানি সেনা নামানো হয়েছে। যার মধ্যে সেন্ট্রাল পুলিশ ফোর্স, প্রভিন্সিয়াল কনস্টাবুলারি ব়্যাপিড অ্যাকশন ফোর্স ও উত্তরপ্রদেশে পুলিশের কর্মচারীরা রয়েছেন। এভাবেই অযোধ্যাকে কার্যত একটি দুর্গে পরিণত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নজর
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনও ধরনের অপপ্রচারের চেষ্টা হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। অযোধ্যার রায়ের আগে শুধু সাধারণ মানুষ নয়, রাজনৈতিক নেতা ও ধর্মীয় নেতাদের ওপর নজরদারি রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications