লোকসভা নির্বাচনের আগে ধাক্কা ওড়িশার নবীন পট্টনায়েকের শিবিরে! পাঁচবারের বিধায়ক-সহ অনেকের যোগদান বিজেপিতে
জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা না করলেও লোকসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। বিজেপির ১৯৫ টি আসনের জন্য তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজ্যে দলবদলও তীব্র হয়ে উঠেছে।
রবিবার বিজেপিতে যোগ দিয়েছেন, ওড়িশার পাঁচবারের বিজেডি বিধায়ক অরবিন্দ ঢালি এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার হৃষিকেশ পান্ডা। প্রাক্তন বিজেডি বিধায়ক মুকুন্দ সোদি, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল দিলীপ কুমার পট্টনায়েক, রাজ্যসভার প্রাক্তন সদস্য রমাকান্ত দাস, দিগপাহান্ডির বিজেপির ব্লক চেয়ারম্যান বিপিন প্রধানও বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেডির দাবি অরবিন্দ ঢালির দলত্যাগের তাদের দলে কোনও প্রভাব পড়বে না।

শাসক বিজেডি থেকে পদত্যাগ করার পরে অরবিন্দ ঢালি তাঁর সমর্থকদের নিয়ে মিছিল করে ভুবনেশ্বরে বিজেপির পার্টি অফিসে যান এবং সেখানে রাজ্য সভাপতি মনমোহন সামল এবং সাংসদ অপরাজিতা সারঙ্গীর উপস্থিতিতে অনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
সাংবাদিক সম্মেলন করে অরবিন্দ ঢালি অভিযোগ করেন, বিজেডিতে গণতন্ত্র নেই। সেখানে বর্ষীয়ান নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেছেন, বিজেডিতে শ্বাসরোধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার তিনি বিজেপিতে যোগ দিলেন । সেখানে অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে বলেই তিনি মনে করেন। খুরদার জয়দেবের বিধায়ক অরবিন্দ ঢালি দাবি করেছেন, পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ১৪৭ টি আসনের মধ্যে ১০০টির বেশি দখল করে সরকার গঠন করবে।
প্রসঙ্গত ১৯৯২ সালে বিজেপির টিকিটে মালকানগিরি আসনে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। আরও দুই মেয়াদে তিনি আসনটি ধরে রেখেছিলেন। এরপর তিনি বিজেডিতে যোগ দেন এবং ২০০৯ সালে জয়দেব বিধানসভা থেকে নির্বাচিত হন। ২০১৯-এও তিনি এই আসন থেকে জয়লাভ করেন। অরবিন্দ ঢালি আইনের স্নাতক। তিনি নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন জোট সরকারে মন্ত্রী ছিলেন। বাণিজ্য ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দফতরও সামলেছেন তিনি।
শাসক বিজেডির তরফে কটাক্ষ করে বলা হয়েছে, যাঁরা এবার মনোনয়ন পাবেন না বা গুরুতর অপরাধে জড়িত, তাঁদেরকেই বিজেপি দলে নিচ্ছে। ২০১৯-এও তারা একই কাজ করেছিল বলেও মন্তব্য করেছে বিজেডি। বিজেপি গতবারের মতোই ভুল করছে বলেও মন্তব্য করেছে তারা।
অন্যদিকে, বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন আইআরএস হৃষিকেশ পান্ডা একজন সুপরিচিত কথা সাহিত্যিক। এছাড়া সম্প্রতি বিজেডি থেকে বহিষ্কার হওয়া প্রদীপ পানিগ্রাহী ও প্রশান্ত জগদেব বিজেপিতে যোগ দিয়েছেন। অপর বহিষ্কৃত বিজেডি নেতা রাজেন্দ্র দাস এবং প্রাক্তন বিধায়ক প্রেমানন্দ নায়েক শীঘ্রই বিজেপিতে যোগদান করতে পারেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications