ভোটের মুখে চিঠি লিখে বিতর্কিত আর্জি গুজরাতের আর্চবিশপের, তৈরি হল তীব্র হট্টগোল
'সারা দেশে সংখ্যালঘুরা আজ বিপন্ন বোধ করছে। তাই গুজরাতে জাতীয়তাবাদী শক্তিকে জিততে দেবেন না। তাহলে ভবিষ্যতে আরও সমস্যা হবে। এই নির্বাচনকে সারা দেশের কাছে দৃষ্টান্ত করে তুলুন।'
'সারা দেশে সংখ্যালঘুরা আজ বিপন্ন বোধ করছে। তাই গুজরাতে জাতীয়তাবাদী শক্তিকে জিততে দেবেন না। তাহলে ভবিষ্যতে আরও সমস্যা হবে। এই নির্বাচনকে সারা দেশের কাছে দৃষ্টান্ত করে তুলুন।' গুজরাত নির্বাচনের আগে এমন বিতর্কিত চিঠি লিখে বিতর্ক উসকে দিলেন গান্ধীনগরের আর্চবিশপ খমাস ম্যাকওয়ান।

নিজের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তিনি এই চিঠি লিখেছেন বলে দাবি করেছেন। এর মধ্যে কোনও রাজনৈতিক দুরভিসন্ধি নেই বলেও দাবি তাঁর। তবে নির্বাচনের প্রাক্কালে এমন সময়ে তিনি যে ভাষায় চিঠি লিখেছেন তাতে হইচই হওয়া স্বাভাবিক।
এই আর্চবিশপ নিজের ধর্মীয় ভাইবোনেদের মানবিক নেতার জয় কামনা করতে বলেছেন। তবে বিজেপির বিরুদ্ধে এর আগে সংখ্যালঘুদের শায়েস্তা করার অভিযোগ ওঠায় ও চরমপন্থী হিন্দুত্ববাদের কথা বলায় স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছে আর্চবিশপ বিজেপির বিরুদ্ধেই ভোট দেওয়ার কথা বলেছেন।
যদিও সেই যুক্তি না মেনে পাল্টা আর্চবিশপ বলেছেন, গুজরাতে খ্রিস্টান সংখ্যালঘুরা মোট জনসংখ্যা এক শতাংশেরও অর্ধেক। ফলে কোনও বাজে উদ্দেশ্য নিয়ে এই চিঠি লেখা হয়নি। কোনও বিভেদ তৈরি করতেও লেখা হয়নি। যদি কেউ সেটা ভেবে থাকেন তা দুর্ভাগ্যজনক। এমনটাই বলেছেন গান্ধীনগরের আর্চবিশপ।
প্রসঙ্গত, গুজরাত ভোটে এবারের লড়াই বেশ জমে উঠেছে। একদিকে রয়েছে বিজয় রূপানির নেতৃত্বে শাসক দল বিজেপি। অন্যদিকে কংগ্রেসকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে পাতিদার, ওবিসি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। ফলে যত দিন এগিয়ে আসছে, লড়াই ততই তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।












Click it and Unblock the Notifications