আধাসামরিক বাহিনীতে অগ্নিবীরদের সংরক্ষণ! 'শর্ত' আরোপ স্বরাষ্ট্রমন্ত্রকের
সিআরপিএফ-এ বিপুল সংখ্যায় কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে ১০ শতাংশ পদ সেখানে অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখা হবে। তবে এক্ষেত্রে অগ্নিবীরদের নিয়োগের পরীক্ষায় পাশ করতে হবে। সরাসরি নিয়োগে তাদের কোনও সুযোগ দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় ২০১০ সালের বিজ্ঞপ্তির সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে অগ্নিবীররা শারীরিক দক্ষতার পরীক্ষা দেওয়া থেকে রেহাই পাবেন। নিয়োগের ক্ষেত্রে বয়সে তিন বছরের ছাড়ও পাবেন তাঁরা। তবে প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য ছাড় হবে পাঁচ বছরের।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী প্রাক্তন অগ্নিবীর-সহ সব প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া শারীরিক এবং চিকিৎসা সংক্রান্ত মান সরকারের নির্ধারিত আদেশ অনুযায়ী করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, এই নিয়ম কোনওভাবেই সংরক্ষণ, বয়সসীমা শিথিল করা এবং অন্য যেসব ছাড় রয়েছে, তাকে প্রভাবিত করবে না। এক্ষেত্রে তফশিলি জাতি, উপজাতি, ওবিসি, প্রাক্তন সেনাকর্মীদের কথা বলা হয়েছে। অগ্নিবীরদের নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর। তফশিলি জাতি, উপজাতিদের ৫ বছর ও ওবিসিদের ৩ বছরে ছাড় রয়েছে।
উল্লেখ করা প্রয়োজন যে সেনাবাহিনীর নিয়োগে কোনও ক্ষেত্রেই জাত ভিত্তিক সংরক্ষণ মানা হয় না। তবে আধাসামরিক বাহিনীর নিয়োগের ক্ষেত্রে তা মানা হয়। তবে এই সংরক্ষণ কোনওভাবেই সুপ্রিম কোর্ট নির্দেশিত ৫০ শতাংশের বেশি হবে না। এক্ষেত্রে এসসি ১৫ শতাংশ, এসটি সাড়ে সাত শতাংশ এবং ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

এখনও পর্যন্ত সিআইএসএফ, সশস্ত্র সীমা বল. ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, বিএসএফে অগ্নিবীরদের জন্য সংরক্ষণের কথা উল্লেখ করে গ্রুপ সি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত সিআরপিএফ-এর গ্রুপ সিতে কনস্টেবল জেনারেল ডিউটি পদের জন্য প্রায় একলক্ষ ত্রিশ হাজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিআরপিএফ-এ মোট অনুমোদিত পদের সংখ্যা হল ৩.২৪ লক্ষ।
২০২২-এর ১৪ জুন প্রতিরক্ষামন্ত্রক স্বল্প মেয়াদি পরিকল্পনা হিসেবে অগ্নিপথ প্রকল্প চালু করার কথা জানায়। এক্ষেত্রে ১৭.৫ থেকে ২১ বছর বয়সী প্রার্থীরা ৪ বছর সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাচ্ছেন। এঁদের পরিচিতি দেওয়া হবে অগ্নিবীর হিসেবে। বর্তমান নীতি অনুযায়ী ৪ বছরের সময়সীমা শেষ হওয়ার পরে ২৫ শতাংশকে সেনাবাহিনীর নিয়মিত চাকরিতে অন্তর্ভুক্ত করা হবে।












Click it and Unblock the Notifications